ঢাকা রোববার, ০৭ জুন ২০২৬

পঞ্চগড়ে পানিতে ডুবে দুই মাদরাসাছাত্রের মৃত্যু

পঞ্চগড়ে পানিতে ডুবে দুই মাদরাসাছাত্রের মৃত্যু
×

ফাইল ছবি

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুন ২০২৬ | ১৯:২৩

পঞ্চগড়ে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে আব্দুর রহিম (১৪) ও রাজিব হোসেন লাবিব (১৬) নামে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলা সদরের সাতমেড়া ইউনিয়নের দক্ষিণ সাহেবীজোত এলাকায় ঘটনাটি ঘটে। নিহত আব্দুর রহিম ওই ইউনিয়নের শিতলী হাসনা এলাকার জাকির হোসেনের ছেলে এবং লাবিব সাহেবীজোত এলাকার আশরাফুল ইসলামের ছেলে। তারা স্থানীয় একটি নুরানি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে সাহেবীজোত দশমাইল এলাকায় একটি পুকুরে গোসল করতে যায় তারা। সাঁতার না জানায় একপর্যায়ে তারা পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় পুকুরের পানি থেকে ডুবন্ত অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

সাতমেড়া ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বলেন, ‘তারা মাদ্রাসার হাফেজি শাখায় পড়ছিল। সাঁতার জানত না। পুকুরের পাশে গোসলের একপর্যায়ে তারা গভীরে তলিয়ে যায়।’

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘নিহতদের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।’

আরও পড়ুন

×