৬ দফা দাবি
চমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছে
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৮ জুন ২০২৬ | ১৪:১৯ | আপডেট: ০৮ জুন ২০২৬ | ১৪:৫৬
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক গৃহীত এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত সিদ্ধান্তসহ ছয় দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি অব্যাহত রেখেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের (চমেক) ইন্টার্ন চিকিৎসকরা। একই দাবিতে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন ট্রেইনি চিকিৎসকরাও। সোমবার সকাল থেকে কর্মবিরতি শুরু করেন তারা। পরে দুপুরের দিকে কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
ইন্টার্ন চিকিৎসকরা বলেন, দাবি আদায়ে টানা কয়েকদিন ধরে নানা কর্মসূচি পালন করে আসলেও এখনও সরকারের পক্ষ থেকে দাবি বাস্তবায়নে আশানুরূপ সাড়া পাচ্ছি না। তাই কর্মবিরতি অব্যাহত রয়েছে। দ্রুত দাবি মেনে নেওয়া না হলে শাটডাউনের মতো কর্মসূচি পালন করতে বাধ্য হব আমরা।
ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক গৃহীত এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত নোটিশটি অযৌক্তিক। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে মন্ত্রণালয় কর্তৃক ১৯ মে এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত সিদ্ধান্ত বাতিল করতে হবে। পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন প্রণয়ন এবং এ আইনের আওতায় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার নিশ্চিত করতে হবে। এছাড়া ইন্টার্ন চিকিৎসকদের মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ, বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের বেতন নবম গ্রেডের সমপর্যায়ে উন্নীত এবং বেসরকারি চিকিৎসকদের জন্য নির্দিষ্ট বেতন কাঠামো প্রণয়ন, বিসিএস ক্যাডারে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর নির্ধারণ, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফি সর্বোচ্চ এক হাজার টাকা নির্ধারণ করার দাবি জানান ইন্টার্ন চিকিৎসকরা।
