ঢাকা সোমবার, ০৮ জুন ২০২৬

খুমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, ভোগান্তিতে রোগীরা

খুমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, ভোগান্তিতে রোগীরা
×

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল

খুলনা ব্যুরো

প্রকাশ: ০৮ জুন ২০২৬ | ১৫:০৬

ছয় দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের (খুমেক) ইন্টার্ন চিকিৎসকরা। সোমবার সকাল ৮টা থেকে তারা ফের কর্মবিরতি শুরু করেন। এ কর্মসূচির প্রতি সংহতি জানিয়েছেন ট্রেইনি চিকিৎসকরাও। ফলে হাসপাতালের সেবা কার্যক্রমে প্রভাব পড়েছে এবং দুর্ভোগে পড়েছেন রোগীরা।

হাসপাতাল ঘুরে দেখা গেছে, ইন্টার্ন চিকিৎসকদের অনুপস্থিতিতে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগীদের প্রাথমিক চিকিৎসা, ফলোআপ ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষায় বিলম্ব হচ্ছে। চিকিৎসক সংকটের কারণে রোগীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে, যা স্বজনদের উদ্বেগ বাড়িয়ে তুলেছে।

ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. শেখ আল আমিন বলেন, এফসিপিএস ট্রেনিং-সংক্রান্ত সরকারের কিছু নীতির সংশোধনের দাবিতে তারা আন্দোলন করছেন। কয়েকদিন ধরে বিভিন্ন কর্মসূচি পালনের পরও কোনো সমাধান না আসায় রোববার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কাজী আইনুল ইসলাম বলেন, ইন্টার্ন চিকিৎসকদের অনেক দাবির সঙ্গে তারা একমত। তবে হাসপাতালের সেবা ব্যাহত করে আন্দোলন করাকে ইতিবাচকভাবে দেখা যাচ্ছে না। রোগীদের ভোগান্তি কমাতে জ্যেষ্ঠ চিকিৎসকদের অতিরিক্ত সময় দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

ইন্টার্ন চিকিৎসকদের দাবিগুলোর মধ্যে রয়েছে-১৯ মে জারি করা এফসিপিএস ট্রেনিং-সংক্রান্ত সিদ্ধান্ত প্রত্যাহার, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন প্রণয়ন এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিত করা। এছাড়া ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ৩০ হাজার টাকা নির্ধারণ, বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের বেতন নবম গ্রেডের সমপর্যায়ে উন্নীত করা, বেসরকারি চিকিৎসকদের জন্য নির্দিষ্ট বেতন কাঠামো প্রণয়ন, বিসিএস ক্যাডারে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর নির্ধারণ এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফি সর্বোচ্চ এক হাজার টাকা নির্ধারণের দাবিও রয়েছে। তাদের দাবি, এসব বিষয়ে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত তারা কর্মবিরতি প্রত্যাহার করবেন না।
 

আরও পড়ুন

×