নিজ কক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০৮ জুন ২০২৬ | ২০:০৮
পটুয়াখালীর বাউফলের বগা বাজার এলাকার নিজ কক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের পচাগলা মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। গতকাল রোববার তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, গত এক সপ্তাহ ধরে সিরাজুল ইসলামের কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছিল না। রোববার তাঁর বাসা থেকে দুর্গন্ধ বের হতে থাকলে পাশের বাসার লোকজনের সন্দেহ হয়। একপর্যায়ে তারা দরজা ভেঙে ঘরের ভেতরে ঢোকেন। এ সময় মৃত অবস্থায় তাকে একটি চেয়ারে বসে থাকতে দেখা যায়। পরে পুলিশকে খবর দেন তারা। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
পরিবার সূত্রে জানা গেছে, সিরাজুল ইসলামের সন্তানরা সবাই ঢাকায় চাকরি করেন। ছেলে সোহাগ বাংলাদেশ বেতারে কর্মরত, অপর ছেলে শহিদুল ইসলাম একটি ব্যাংকে চাকরি করেন এবং মেয়ে ইসরাত জাহান খাদ্য বিভাগের কর্মকর্তা। স্ত্রী নুরজাহান বেগমও সন্তানদের সঙ্গে ঢাকায় থাকেন। ফলে বেশিরভাগ সময় তিনি বাউফলের বাড়িতেই একা থাকতেন। তবে মাঝেমধ্যে ঢাকায় গিয়ে সন্তানদের সঙ্গেও থাকতেন।
এ বিষয়ে সিরাজুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম বলেন, ‘বাবাকে নিয়ে কোনো নেতিবাচক বা বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ হোক, তা আমরা চাই না। তিনি শুধু বাউফলেই থাকতেন না, ঢাকা ও বাউফল—দুই জায়গাতেই সময় কাটাতেন। সম্প্রতি ঢাকায় চিকিৎসা শেষে বাড়িতে গিয়েছিলেন। সেখানেই এ ঘটনা ঘটেছে।’
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। এছাড়া তার পায়ে একটি সংক্রমণ ছিল। মৃত্যুর বিষয়ে তাৎক্ষণিকভাবে সন্দেহজনক কোনো তথ্য পাওয়া যায়নি। রোববার রাতেই রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে।
- বিষয় :
- পটুয়াখালী
- বীর মুক্তিযোদ্ধা
- মরদেহ উদ্ধার
