ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

নোয়াখালী

অটোরিকশায় এসে যুবককে গুলি করে পালাল দুর্বৃত্তরা 

অটোরিকশায় এসে যুবককে গুলি করে পালাল দুর্বৃত্তরা 
×

প্রতীকী ছবি

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুন ২০২৬ | ১২:৫৮

নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে ফারুক হোসেন (২৭) নামের এক যুবক আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার হাজীপুর ইউনিয়নের কালামিয়ার পোল এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ফারুক হোসেন উপজেলার হাজিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শরীফপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক। বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. শামসুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফারুক রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় ৩ থেকে ৪ জন এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তার পেট ও হাঁটুতে গুলি লাগে। ঘটনার পরপরই হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, সকাল পৌনে ৯টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় ফারুক হোসেনকে জরুরি বিভাগে আনা হয়। তার তলপেট ও হাঁটুতে গুলিবিদ্ধ হয়েছে। তাকে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বর্তমানে শারীরিক অবস্থা স্থিতিশীল।

এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান বলেন, সন্ত্রাসীরা ওই যুবককে হঠাৎ গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি স্থানীয় একটি সংঘবদ্ধ চক্রের কাজ। ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।  

অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) এএনএম ইমরান খাঁন বলেন, গুলিবিদ্ধ যুবক আগে অটোরিকশা চালাতেন। বর্তমানে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেন। পূর্বশত্রুতার জের ধরে এ গুলির ঘটনা ঘটেছে। যারা এ ঘটনার সাথে সম্পৃক্ত তাদের কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের আটক করতে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। 

আরও পড়ুন

×