ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

গোসল করতে নেমে নিখোঁজ, ৪৪ ঘণ্টা পর ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহ উদ্ধার

গোসল করতে নেমে নিখোঁজ, ৪৪ ঘণ্টা পর ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহ উদ্ধার
×

নিহত রাইশা মনি। ছবি: সংগৃহীত

চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

প্রকাশ: ০৯ জুন ২০২৬ | ১৩:৩৬ | আপডেট: ০৯ জুন ২০২৬ | ১৩:৪৮

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া রাইশা মনি (৮) নামে এক শিশুর মরদেহ ৪৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল কেডিওয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নদের তীর থেকে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করেন।

নিহত রাইশা মনি কাঁচকোল দক্ষিণ খামার এলাকার রাশেদুল ইসলামের মেয়ে এবং কাঁচকোল বাজার নবীজান নুরানী ও হাফিজিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

স্থানীয়দের বরাতে জানা যায়, গত সোমবার বিকেল ৫টার দিকে কয়েকজন সমবয়সী শিশুর সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে রাইশা নিখোঁজ হয়। একপর্যায়ে নদীর কিনারা থেকে কিছুটা দূরে গেলে স্রোতের টানে সে তলিয়ে যায়। সঙ্গে থাকা শিশুরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হয়।

পরে স্থানীয়দের খবর দেওয়া হলে রাতভর খোঁজাখুঁজি চালানো হয়। চিলমারী ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে এবং রংপুর থেকে আসা ডুবুরি দলও দীর্ঘ সময় নদীতে অনুসন্ধান চালায়। তবে কোনো সন্ধান না পাওয়ায় মঙ্গলবার দুপুরে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

অবশেষে নিখোঁজের প্রায় ৪৪ ঘণ্টা পর বুধবার দুপুরে কেডিওয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নদের তীরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে সেটি রাইশা মনির মরদেহ বলে শনাক্ত করা হয়। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহ গ্রহণ করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম বলেন, নিখোঁজের পর থেকে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সঙ্গে উদ্ধার কাজে সহযোগিতা করেছেন। মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।

আরও পড়ুন

×