চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলার বিচার শুরু, বুধবার সাক্ষ্য গ্রহণের শুনানি
মামলার একমাত্র আসামি মনির হোসেন
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৯ জুন ২০২৬ | ১৪:০৪ | আপডেট: ০৯ জুন ২০২৬ | ১৪:০৭
চট্টগ্রামের বাকলিয়ায় চার বছরের শিশুকে ধর্ষণের মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আগামীকাল বুধবার মামলার ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের শুনানির দিন ধার্য করা হয়েছে। তাদের আদালতে হাজির হতে সমন জারি করেছেন ট্রাইব্যুনাল। আজ মঙ্গলবার চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফছা ঝুমা এ আদেশ দেন। মামলার একমাত্র আসামি মনির হোসেন অভিযোগ গঠনের সময় আদালতে হাজির ছিলেন।
বাকলিয়ায় শিশু ধর্ষণের মামলায় রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ বলেন, ধর্ষণের এ মামলার বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। আগামীকাল বুধবার মামলার ৯ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়ার জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার দাখিল করা অভিযোগপত্রে পুলিশ উল্লেখ করেছে, ভুক্তভোগী শিশুর চিকিৎসা প্রতিবেদন, ডিএনএ রিপোর্ট, সাক্ষ্য-প্রমাণ ও আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে ধর্ষণের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। মামলার আসামি মনির হোসেন কুমিল্লার মুরাদনগর উপজেলার ঘারঘাটা এলাকার বাসিন্দা। বর্তমানে নগরের বাকলিয়া এলাকার মিয়াখান নগরে বসবাস করছেন।
২১ মে বিকেলে বাকলিয়ার ১৯ নম্বর ওয়ার্ডের একটি গুদামে চার বছরের শিশুটিকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক তানভীর আহমেদ পাঁচ কার্যদিবসের মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
এ ঘটনার পর আসামিকে পুলিশ গ্রেপ্তার করে থানায় নেওয়ার সময় একদল উচ্ছৃঙ্খল জনতা আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এ ঘটনায় ৫৮ জনের নাম উল্লেখ করে আরও ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করে পুলিশ।
- বিষয় :
- শিশুকে ধর্ষণ
- বিচার শুরু
- ট্রাইব্যুনাল