ঢাকা বুধবার, ১০ জুন ২০২৬

কাপ্তাই হ্রদে গোসলে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু

কাপ্তাই হ্রদে গোসলে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু
×

প্রতীকী ছবি

রাঙামাটি অফিস

প্রকাশ: ০৯ জুন ২০২৬ | ২১:১২ | আপডেট: ০৯ জুন ২০২৬ | ২১:১৩

রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে ইনতিশার হাসনাত (২৩) নামের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে কাপ্তাই হ্রদের বালুচর নামক স্থানে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে এই দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে চট্টগ্রাম থেকে ইনতিশার হাসনাত ও তাঁর তিন বন্ধু রাঙামাটিতে বেড়াতে আসেন। রাঙামাটি শহরে আসার পর তাঁরা বনরূপা সমতা ঘাট এলাকা থেকে একটি দেশীয় ইঞ্জিনচালিত নৌকা ভাড়া নিয়ে বালুচর এলাকায় বেড়াতে যান। সেখানে চার বন্ধু গোসল করতে নামলে সাঁতার না জানার কারণে ইনতিশার হাসনাত পানিতে তলিয়ে যান। এ সময় তাঁর বন্ধুরা অনেকক্ষণ খোঁজাখুঁজি করেও তাঁর হদিশ পায়নি। 

পরে স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দিলে ডুবুরিরা এলাকায় তল্লাশি চালিয়ে বিকেল সাড়ে ৫টার দিকে তাঁকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসনাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের (আইআর) শিক্ষার্থী ছিলেন। তিনি চট্টগ্রাম শহরের ডিওএইচএস, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট এলাকার মোহাম্মদ বেলাল উদ্দীনের ছেলে। তাঁর গ্রামের বাড়ি কক্সবাজার জেলার পেকুয়া গ্রামে।

রাঙামাটি ফায়ার সার্ভিসের স্টেশন টিম লিডার লিটন কান্তি দেব জানান, বিকেল ৫টার দিকে খবর পাওয়ার সাথে সাথে তাঁর ডুবুরি দল বালুচর এলাকার হ্রদের পানিতে তল্লাশি চালায়। আধা ঘণ্টার পর তাঁকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পৌঁছে দেওয়া হয়েছে।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ মর্গে রাখা হয়েছে। স্বজনরা এলে তাঁর মরদেহ হস্তান্তর করা হবে।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব জানান, কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে ইনতিশার হাসনাত নামের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মারা গেছে। 

আরও পড়ুন

×