ছাতক মডেল মসজিদ
দেড় বছরের কাজ শেষ হয়নি ছয় বছরেও
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১০ জুন ২০২৬ | ০৮:০৮ | আপডেট: ১০ জুন ২০২৬ | ০৮:৪৪
| প্রিন্ট সংস্করণ
সুনামগঞ্জের ছাতক উপজেলা মডেল মসজিদের নির্মাণকাজ দেড় বছর মেয়াদের মধ্যে সম্পন্ন হওয়ার কথা ছিল। তবে এ কাজের জন্য পেরিয়ে গেছে ছয় বছর। তবে এখনও প্রকল্প সম্পন্ন করা হয়নি।
সূত্র জানায়, মসজিদ নির্মাণের দায়িত্ব পাওয়া প্রথম ঠিকাদারি প্রতিষ্ঠান ব্যর্থ হলে গত বছরের ১০ আগস্ট নতুন করে দ্বিতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। ওই প্রতিষ্ঠান এ পর্যন্ত মসজিদের প্রায় ৭০ ভাগ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে। তারা বলছে, দ্রুত গতিতে কাজ চলছে।
জেলা গণপূর্ত কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৯ সালের মে মাসে রাজধানী ঢাকার বিশ্বাস ট্রেডিং অ্যান্ড করপোরেশন নামে ঠিকাদারি প্রতিষ্ঠান উপজেলা মডেল মসজিদটি নির্মাণের কার্যাদেশ পায়। মডেল মসজিদ নির্মাণকাজের মেয়াদ ধরা হয় ১৮ মাস। অর্থাৎ ২০২০ সালের নভেম্বর মাসে মডেল মসজিদ নির্মাণকাজ শেষ করার কথা ছিল। তবে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান মডেল মসজিদ নির্মাণকাজ শুরু করতে গিয়ে পুরোনো মসজিদ, মিনার অপসারণ ও পুকুরের ঘাটলা থাকায় এবং প্রকল্প অফিসের সিদ্ধান্ত না থাকায় এগুলো অপসারণ করতে প্রায় দেড় বছর লেগে যায়। যে কারণে মসজিদের মূল কাজ শুরু করতে অনেকটা বিলম্ব হয়।
পরে প্রকল্প অফিসের সিদ্ধান্তের পর অস্থায়ী মসজিদ নির্মাণ শেষে পুরোনো মসজিদের স্থাপনা ভেঙে ফেলার নির্দশনা দেওয়া হয়। তবে সরকারি অর্থ বরাদ্দের অপ্রতুলতার কারণে মডেল মসজিদ নির্মাণে মেয়াদ বাড়িয়ে আগামী ২০২৩ সালেও ৩১ জুলাই পর্যন্ত বর্ধিত করা হয়। তবে সময় বর্ধিত করা হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শেষ করতে ব্যর্থ হয়। যে কারণে বিশ্বাস ট্রেডিং অ্যান্ড করপোরেশন নামীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে মডেল মসজিদ নির্মাণকাজের চুক্তি বাতিল করে গণপূর্ত বিভাগ। এর পর গত বছরের ১০ আগস্ট জেলা গণপূর্ত বিভাগ থেকে বরিশালের বিকে (জেবি) নামক নতুন একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে মসজিদের অসম্পূর্ণ কাজ শেষ করতে এক বছরের সময় দেওয়া হয়।
মঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি প্রজেক্ট ম্যানেজার মো. মাহবুব আলম বলেন, কার্যাদেশ পাওয়ার পর থেকে দ্রুত গতিতে কাজ চলমান রয়েছে। আশা করা যায় সরকার নির্ধারিত সময়ের মধ্যে শতভাগ কাজ সম্পন্ন করা সম্ভব হবে।
সুনামগঞ্জ জেলা গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী প্রসেনজিৎ পাল বলেন, বর্তমানে এ মডেল মসজিদের নির্মাণকাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
- বিষয় :
- মসজিদ