ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

অবৈধ স্থাপনা উচ্ছেদে মুক্ত হলো খাল

অবৈধ স্থাপনা উচ্ছেদে মুক্ত হলো খাল
×

রূপগঞ্জে দখলমুক্ত করা হয় খাল সমকাল

 রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুন ২০২৬ | ০৮:৩৭

| প্রিন্ট সংস্করণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা শান্তিনগর এলাকায় সরকারি খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। গতকাল মঙ্গলবার দিনব্যাপী এ অভিযানে খালের জায়গা দখল করে গড়ে তোলা বিভিন্ন অবৈধ স্থাপনা ও সীমানা প্রাচীর উচ্ছেদ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরপা এলাকার প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ সরকারি খালের দুই পাশে দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে অবৈধভাবে স্থাপনা ও সীমানা প্রাচীর নির্মাণ করা হয়। এতে খালের স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবেশগত ভারসাম্যও ক্ষতিগ্রস্ত হচ্ছিল।
স্থানীয় বাসিন্দারা খাল দখলমুক্ত করার উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, দীর্ঘদিন ধরে খাল দখল ও ভরাটের কারণে পানি চলাচল বাধাগ্রস্ত হচ্ছিল। উচ্ছেদ অভিযানের ফলে খালের স্বাভাবিক পরিবেশ ও পানিপ্রবাহ ফিরে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজানুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুভ আহমেদ, উপবিভাগীয় প্রকৌশলী রাকিবুল আলম রাজীবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজানুল ইসলাম বলেন, সরকারি খাল ও জলাশয় উদ্ধারে এ ধরনের অভিযান চলমান থাকবে। সরকারের নির্দেশনা বাস্তবায়নে অবৈধ দখলদারদের বিরুদ্ধে নিয়মিত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুভ আহমেদ বলেন, খালের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা, জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশ রক্ষার স্বার্থে দখলমুক্তকরণ কার্যক্রম অব্যাহত থাকবে। পুনরায় কেউ যাতে খাল দখল করতে না পারে, সে বিষয়েও নজরদারি রাখা হবে।

আরও পড়ুন

×