ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

মাদক নিয়ে সালিশে সংঘর্ষে নিহত ১, আহত ৭

মাদক নিয়ে সালিশে সংঘর্ষে নিহত ১, আহত ৭
×

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ১০ জুন ২০২৬ | ১৫:৩২

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে মাদকসংক্রান্ত বিরোধ মীমাংসার জন্য আয়োজিত গ্রাম্য সালিশকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার দুর্লভপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম (৩৫) দুর্লভপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও শওকত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, এলাকায় মাদক চোরাকারবারিদের বিজিবির কাছে ধরিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে কয়েক দিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এ বিরোধ নিষ্পত্তির জন্য বুধবার একটি গ্রাম্য সালিশের আয়োজন করা হয়।

সালিশ চলাকালে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হলে একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় বল্লমের আঘাতে গুরুতর আহত হন ইব্রাহিম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ বলেন, ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

আরও পড়ুন

×