ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

চট্টগ্রাম বিদ্যুৎ অফিসে সিবিএ নেতাকর্মীদের তাণ্ডব, ৪ জনকে বদলি

চট্টগ্রাম বিদ্যুৎ অফিসে সিবিএ নেতাকর্মীদের তাণ্ডব, ৪ জনকে বদলি
×

ছবি-সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১০ জুন ২০২৬ | ২২:২৯

এক শ্রমিক নিয়োগকে কেন্দ্র করে নারী প্রকৌশলীর কক্ষে ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগ পাওয়া গেছে সিবিএ নেতাকর্মীদের বিরুদ্ধে। তাদের হাত থেকে ওই নারী কর্মকর্তাকে রক্ষা করতে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন আরেক সহকারী প্রকৌশলী। 

বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়লে ঘটনাটি জানাজানি হয়। গত মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নগরের আগ্রাবাদের বিদ্যুৎ ভবনের পঞ্চম তলায় এই ঘটনা ঘটে। 

এমন ঘটনায় নড়েচড়ে বসেছে বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিষয়টি এরইমধ্যে তারা জানিয়েছেন ঢাকার প্রধান অফিসের দায়িত্বশীল কর্মকর্তাদের। এর প্রেক্ষিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জড়িত চার শ্রমিককে চট্টগ্রাম থেকে বদলি করা হয়েছে। এরমধ্যে প্ল্যান্ট অপারেটর মোহাম্মদ হাফিজুর রহমানকে পাবনায়, লাইনম্যান মোহাম্মদ নুরুন্নবীকে ভোলা, ইলেকট্রিশিয়ান মোহাম্মদ শফিফুল ইসলামকে সিলেট এবং গাড়িচালক মোহাম্মদ আইয়ুবকে দিনাজপুরে বদলি করা হয়েছে। 

ছড়িয়ে পড়া এক সিসিটিভি ফুটেজে দেখা যায়, মঙ্গলবার দুপুরে নিজ নিজ কক্ষে যখন সবাই ব্যস্ত তখন হঠাৎ একসাথে ২০-৩০ জন শ্রমিক ও সিবিএ নেতা উঠেন বিদ্যুৎ ভবনের পঞ্চম তলায়। এ সময় কক্ষে কাজ করছিলেন নির্বাহী প্রকৌশলী নিলুফা ইয়াসমিন। কক্ষের সামনে হট্টগোল শুরু করে নেতারা। একপর্যায়ে সেখানে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি শুরু হয়। যা পরবর্তীতে হাতাহাতিতে রূপ নেয়। আশপাশের কক্ষ থেকে কয়েকজন কর্মকর্তা ছুটে আসলেও তাদের ওপর চড়াও হয় বিক্ষুব্ধ নেতারা। ভিডিওতে সহকারী প্রকৌশলী মেহেদী হাসানকে খিল, ঘুষি ও টেনে হিঁছড়ে কক্ষ থেকে বের করতে দেখা যায় শ্রমিক ও সিবিএ নেতাদের। 

এ বিষয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিতরণ দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী কামাল উদ্দিন আহমেদ বলেন, ঘটনাটি নিয়ে আমরা বিব্রত। আমরা উভয়পক্ষের অভিযোগ, বক্তব্য শুনেছি। যাবতীয় বিষয় তদন্ত ও শৃঙ্খলা পরিদপ্তরে পাঠিয়েছি। ঘটনার যাবতীয় বিষয় তারা তদন্ত করবে। আপাতত চারজনকে বদলি করা হয়েছে। 

প্রকৌশলী নিলুফা ইয়াসমিন বলেন, কিছুদিন আগে কাজ নেই মজুরি নেই ভিত্তিতে আউটসোর্সিংয়ের মাধ্যমে একজন শ্রমিক নিয়োগ দেওয়া হয়। কিন্তু সিবিএ নেতারা এর প্রতিবাদ জানান। তাদের মতামত ছাড়া কেন শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে এটা জানতে মঙ্গলবার দুপুরে তারা অনেককে নিয়ে আমার কক্ষে আসেন। অবসরপ্রাপ্ত শ্রমিক গাজী আইয়ুবের নেতৃত্বে সিবিএ নেতারা আমার কক্ষে প্রবেশ করে হঠাৎ চিৎকার, চেঁচামেচি করতে থাকেন। অকথ্য ভাষায় কথা বলতে থাকেন তারা। তাদেরকে বার বার শান্ত করার চেষ্টা করলেও তারা অব্যাহতভাবে দুর্ব্যবহার করতে থাকে। চিৎকার শুনে সহকারী প্রকৌশলী মেহেদী হাসান নেতাদের শান্ত করার চেষ্টা করলে তারা উল্টো তার ওপর চড়াও হয়। তাকে কক্ষ থেকে টেনে-হিঁচড়ে করিডোরে বের করে আনেন। একপর্যায়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন নেতারা। লিখিতভাবে বিষয়টি পিডিবির চট্টগ্রাম অঞ্চলের প্রধানের কাছে জানিয়েছেন মেহেদী হাসান। 

সিবিএ-এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, একজনকে নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে সামান্য সমস্যা হয়েছিল। তবে কাউকে হেনস্থা বা মারধর করা হয়নি। আওয়ামী লীগের একজন কর্মীকে নিয়োগ দেওয়ার অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন

×