ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
×

ছবি: সমকাল

মৌলভীবাজার ও কুলাউড়া প্রতিনিধি

প্রকাশ: ১২ জুন ২০২৬ | ২২:৫৬ | আপডেট: ১৩ জুন ২০২৬ | ০১:৪২

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মুজিবুর রহমান নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের সীমান্ত এলাকায় মনু নদীতে মাছ ধরার সময় মুজিবুরের ওপর গুলি চালানো হয়। মুজিবুর রহমান দত্তগ্রাম এলাকার অজিব উল্লাহর ছেলে।

জানা যায়, বিকেলে মুজিবুর নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। এ সময় ভুলবশত তিনি ভারতীয় সীমান্তের ভেতরে চলে গেলে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা ও ইউপি সদস্য জয়নুল ইসলাম বলেন, গুলিতে মুজিবুর রহমান মারা গেছেন এমনটি স্বজনরা তাকে জানিয়েছেন। মৃতদেহ ভারতের ত্রিপুরার উনকোটি জেলা হাসপাতালে আছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম মুন্না জানান, সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, সীমান্তে গুলির ঘটনার খবর আমরা পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তবে এই যুবক নিহত হয়েছেন কিনা তিনি নিশ্চিত করেননি।
 
মৌলভীবাজারের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) আসিফ মহিউদ্দিন জানান, কুলাউড়া দত্তগ্রাম সীমান্তে গুলির খবর পেয়েছেন। বিএসএফ এই যুবকে ভারতীয় হাসপাতালে নিয়ে গেছে।

এদিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা ৭টায় মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলাধীন দত্তগ্রাম সীমান্ত এলাকা দিয়ে ৬-৭ জনের একটি বাংলাদেশি চোরাকারবারি দল অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করে। জানা যায়, ভারতীয় চোরাকারবারিদের সহায়তায় চোরাচালানি মালামাল আনার উদ্দেশ্যে তারা সীমান্ত অতিক্রম করে আনুমানিক ৫০০ গজ ভারতের অভ্যন্তরে লখাইরচর নামক স্থানে প্রবেশ করে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, এসময় টহলরত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা তাদেরকে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালানে বাধা প্রদান করে। কিন্তু বাংলাদেশি চোরাকারবারিরা পিছু না হটে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিএসএফ সদস্যদের ওপর আক্রমণের প্রচেষ্টা চালায়। উদ্ভূত পরিস্থিতিতে আত্মরক্ষার্থে বিএসএফ সদস্যরা ২-৩ রাউন্ড ফায়ার করলে ঘটনাস্থলেই একজন চোরাকারবারি গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করে।

আরও পড়ুন

×