কক্সবাজারে ‘সাফ বিচ গেমস’ আয়োজন করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
বক্তব্য রাখছেন প্রতিমন্ত্রী আমিনুল হক
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১২ জুন ২০২৬ | ২৩:৫৮
কক্সবাজারে ‘সাফ বিচ গেমস’ আয়োজন করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাথে এ বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা হয়েছে এবং পর্যায়ক্রমে ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলা নিয়ে এই বিচ গেমস অনুষ্ঠিত হবে।
শুক্রবার কক্সবাজার শহরের কলাতলী সৈকতে আয়োজিত অনূর্ধ্ব-১৫ বিচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, কিছুদিন আগে চীনের সানিয়াতে এশিয়ান বিচ গেমস উদ্বোধনে গিয়ে দেখেছি তারা কৃত্রিম সৈকত তৈরি করেছে। অথচ আমাদের রয়েছে পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক সমুদ্র সৈকত। আমরা এটিকে কাজে লাগাতে চাই।
মাদকমুক্ত ও সুস্থ জাতি গঠনে এবং তরুণ প্রজন্মকে ডিভাইস থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তব্যে তিনি তৃণমূল পর্যায়ের ক্রীড়া উৎসব ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নিয়েও কথা বলেন। তিনি জানান, চলমান আসরের ফাইনাল রাউন্ড আগামী জুলাইয়ের মধ্যে শেষ হবে এবং পরবর্তী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ২০২৬ সালের ১ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে আবার শুরু হবে, যা প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
উল্লেখ্য, টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে বালক ও বালিকা—উভয় বিভাগেই ময়মনসিংহ জেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে চট্টগ্রাম বিভাগ।
- বিষয় :
- ক্রীড়া প্রতিমন্ত্রী
- কক্সবাজার
