দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ২
নিহত আতাউর রহমান। ছবি: সংগৃহীত
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুন ২০২৬ | ১১:৪৬
কুষ্টিয়ার দৌলতপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আতাউর রহমান (৫৩) নামের এক ব্যবসায়ী ও স্থানীয় বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের প্রাগপুর ইউনিয়নের মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আতাউর রহমান উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গড়ুড়া ফুটানিপাড়া গ্রামের মৃত উজির বিশ্বাসের ছেলে। তিনি আদাবাড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, ওই সময় বিপরীত দিক থেকে আসা দুটি দ্রুতগতির মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে তিন আরোহীই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আতাউর রহমানকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে কৈপাল এলাকার শুভ হোসেন (৩৫) এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপর আহত দুখিপুর এলাকার হুমায়ুন কবির (২১) দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
- বিষয় :
- কুষ্টিয়া
- দৌলতপুর
- বিএনপি নেতা
- নিহত
