খুলনা
ফজরের নামাজের পর মসজিদে ঢুকে গুলি, আহত ২
খুলনার দৌলতপুরে রোববার ভোরে মসজিদে নামাজ চলাকালে দুই মুসল্লিকে গুলির ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত
খুলনা ব্যুরো
প্রকাশ: ১৪ জুন ২০২৬ | ১২:১০ | আপডেট: ১৪ জুন ২০২৬ | ১২:২৭
খুলনা মহানগরীর দৌলতপুরে একটি মসজিদের ভেতরে ঢুকে দুই ব্যক্তিকে গুলি করার ঘটনা ঘটেছে। রোববার ভোর সাড়ে ৫টার দিকে দৌলতপুর থানার কাশিপুর মোড়ের পাশে বিদ্যুৎ জামে মসজিদে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় লোকমান হোসেন ও আলম নামের দুইজন গুলিবিদ্ধ হন। লোকমানের শরীরে চারটি গুলি লাগে এবং আলমের হাতে একটি গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় লোকমানকে ঢাকায় পাঠানো হয়েছে এবং আলমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, ফজরের নামাজ শেষে কয়েকজন মুসল্লি মসজিদের ভেতরে কোরআন তেলাওয়াত করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত মসজিদে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়।
খুলনা মহানগরীর বিএল কলেজ প্রধান সড়কের পাশে অবস্থিত এই বিদ্যুৎ জামে মসজিদটি। এর পাশে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) কার্যালয় রয়েছে।
খুলনা মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় জানান, লোকমান নামের এক তেল ব্যবসায়ীকে লক্ষ্য করেই হামলা চালানো হয়। তবে এলোপাতাড়ি গুলিতে আলম নামের আরেকজন আহত হন। হামলাকারীরা মোটরসাইকেলে এসে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্ত চলছে।
পুলিশ জানায়, হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
খুলনা মহানগর পুলিশের অপরাধ শাখা থেকে জানা গেছে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর থেকে মহানগরী এলাকায় ৮৯টি হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে ১২ জুন পর্যন্ত হত্যাকাণ্ড ঘটেছে ১৭টি। এর মধ্যে ৩৫টি হত্যাকাণ্ডের সঙ্গে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর জড়িত বলে পুলিশের তদন্তে উঠে এসেছে।
এমন পরিস্থিতিতে গত ২ জুন রাত থেকে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান শুরু করে পুলিশ, র্যাব ও এপিবিএন। গত ৯ দিনে যৌথ অভিযানে মোট ৪৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের মধ্যেই গত ১০ জুন বুধবার চাঁদা না দেওয়ায় নগরীর শেখপাড়ার ইসমাইল আয়রন মার্কেটের দোকানপাট বন্ধ করে দেয় সন্ত্রাসীরা।
