ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, অভিযুক্ত যুবক আটক

টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, অভিযুক্ত যুবক আটক
×

প্রতীকী ছবি

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুন ২০২৬ | ১৯:১৪

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় রাতের আঁধারে বসতঘরের টিন কেটে ঘরে ঢুকে দুই সন্তানের জননী এক গৃহবধূকে (২৭) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন।

আটক তারেক একই উপজেলার আলমগীর সওদাগরের ছেলে। শনিবার রাত ১০টার দিকে উপজেলার একটি পুলিশ ক্যাম্পে অভিযুক্তকে সোপর্দ করে স্থানীয় জনতা। রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম। 

ভুক্তভোগী গৃহবধূর দাবি, গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।  

ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যরা জানান, গৃহবধূর স্বামী দিনমজুর হিসেবে কুমিল্লায় কাজ করেন। ঘটনার রাতে তিনি দুই সন্তানকে নিয়ে বাড়িতে একা ছিলেন। বাইরে প্রবল বৃষ্টি চলাকালে রাত দেড়টার দিকে তারেক দরজার পাশের টিন কেটে ঘরে প্রবেশ করে। প্রথমে টাকা-পয়সা ও মালামাল খোঁজাখুঁজি করে। ঘরে কিছু না পেয়ে যাওয়ার সময় গৃহবধূকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণ করে।

গৃহবধূর বাবা বলেন, তারেক একজন পেশাগত চোর। আমার মেয়ে তার সন্তানদের নিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। তারেক বৃষ্টির মধ্যে টিনের বেড়া কেটে ভিতরে প্রবেশ করে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে মেয়েকে ধর্ষণ করে। ওই সময় নয় বছর বয়সী নাতি চিৎকার দিলে আমরা এগিয়ে যাই। আমাদের উপস্থিতি টের পেয়ে তারেক পালিয়ে যায়। সে এর আগেও আমার মেয়ের ঘরে ঢুকেছিল। এছাড়া ওই গ্রামের অনেক নারীকে সে নির্যাতন করেছে। অনেকে লোকলজ্জার ভয়ে এসব কথা প্রকাশ করেনি। 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে। পুলিশের জিজ্ঞাসাবাদে সে ঘটনার আংশিক সত্যতা স্বীকার করেছে।  

আরও পড়ুন

×