খালেদা জিয়াকে ‘কালোমানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ গ্রেপ্তার
সোহাগ মৃধা
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুন ২০২৬ | ২২:৩০
প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘কালোমানিক’ গরু উপহার দিতে চাওয়া আলোচিত সেই সোহাগ মৃধাকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের মহিষকাটা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ থানার এসআই মো. কাওসার আহমেদ।
পরিবারের ভাষ্য, সোহাগ মৃধা ষড়যন্ত্রের শিকার। এলাকার একটি ঘটনাকে কেন্দ্র করে তাকে পরিকল্পিতভাবে এ ঘটনায় জড়ানো হয়েছে।
সোহাগ মৃধা আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর ঝাটিবুনিয়া গ্রামের মৃত বেলায়েত হোসেন মৃধার ছেলে।
পুলিশ জানায়, সোহাগ মৃধার বিরুদ্ধে মারামারি ও পর্নোগ্রাফি আইনে দুটি মামলা রয়েছে। এর মধ্যে মারামারির মামলায় এক নম্বর এজাহারভুক্ত আসামি এবং পর্নোগ্রাফি আইনের মামলায় সহযোগী আসামি হিসেবে অভিযুক্ত। এসব মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ওসি মো. তৌহিদুজ্জামান জানান, সোহাগ মৃধাকে মারামারি ও পর্নোগ্রাফির মামলায় গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
প্রায় সাত বছর আগে স্থানীয় চৈতা বাজার থেকে একটি ফ্রিজিয়ান জাতের গাভী কেনেন সোহাগ। সেই গাভীর বাছুর কালোমানিক। গত বছরের ৫ জুন তিনি এই কালোমানিকটি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য উপহার হিসেবে গুলশানে ফিরোজার বাসায় নিয়ে যান। খালেদা জিয়া গরুটি গ্রহণ করেন এবং সঙ্গে সঙ্গে তার ছেলে জিসান মৃধাকে গরুটি উপহার দেন। সে সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভিডিও কলে কথাও বলেন সোহাগ। পরিবারের সবাইকে ঈদ উপহারও দেন।
চলতি বছরের গত ২৪ মে ঈদুল আজহার আগে কালোমানিককে বিক্রির জন্য উত্তরার দিয়াবাড়ি পশুর হাটে নিয়ে যান। সেখান থেকে কালোমানিককে কিনে নেন বিপিএলের দল সিলেট টাইটান্সের প্রধান উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি ফাহিম আল চৌধুরী।
- বিষয় :
- বিএনপি
- খালেদা জিয়া
- পটুয়াখালী
- গ্রেপ্তার
