ধর্ষণের পর হত্যার অভিযোগ
কংস নদ থেকে ৫ বছরের শিশুর মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুন ২০২৬ | ১৬:৩৯
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর কংস নদ থেকে ৫ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে স্বজনরা স্বাভাবিক মৃত্যু ভেবেছিলেন, তবে দাফনের জন্য গোসল করাতে গিয়ে শরীরের বিভিন্ন স্থানে ক্ষত দেখতে পান তাঁরা।
সোমবার সকালে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার বিকেল ৪টার দিকে ধোবাউড়া উপজেলার বাসিন্দা শিশুটি নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিশুটির বাড়ি থেকে ৫০০ গজ দূরে কংস নদের বাঁকে একটি শিশুর মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
নিহতের স্বজনরা জানান, রাতেই শিশুটির মরদেহ দাফনের প্রস্তুতি হিসেবে গোসল করাতে নেওয়া হয়। তখন শিশুটির শরীরের বিভিন্ন স্থানে ক্ষত দেখা যায়। ওই অবস্থায় দাফনের প্রস্তুতি বন্ধ রেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে সোমবার সকালে শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
শিশুটির বাবা বলেন, গতকাল আসরের নামাজের পর আমার মেয়ে চা-বিস্কুট খেয়ে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যার পর লাশ পাওয়া যায়। আমার ছোট মেয়ের সঙ্গে কেউ এমন কাজ করতে পারে, তা কখনো ভাবতে পারিনি। আমার নিষ্পাপ মেয়েকে শেষ করে দিল। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, আমাদের ধারণা শিশুটিকে ধর্ষণ করে হত্যার পর নদীতে মরদেহ ফেলা হয়। কে এমন কাজ করেছে, তা উদ্ঘাটনে সিআইডি কাজ করছে। আমরা এ ঘটনায় সন্দেহভাজন ৩ জনকে আটক করেছি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
- বিষয় :
- ধর্ষণ
- ধর্ষণের পর হত্যা
- শিশু ধর্ষণ
