পাটগ্রাম সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা, প্রতিহতের দাবি বিজিবির
ফাইল ছবি
পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা
প্রকাশ: ১৫ জুন ২০২৬ | ২০:৫০
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে তিন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে বাহিনীটি।
রোববার দিবাগত রাত দুইটার দিকে পাটগ্রাম সদর ইউনিয়নের কালিরহাট সীমান্তসংলগ্ন ভারতের দাওয়ারিকামারী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি ও স্থানীয়দের ভাষ্য, সীমান্তের ৮৫৫ নম্বর প্রধান পিলারের কাছে ভারতের ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের দাওয়ারিকামারী ক্যাম্পের সদস্যরা তিনজন ভারতীয় নাগরিককে কাঁটাতারের বেড়ার কাছে নিয়ে আসে। পরে তাদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়।
অভিযোগ রয়েছে, এ সময় বিএসএফ সদস্যরা সীমান্তের সার্চলাইট বন্ধ করে গেট ব্যবহার করে ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশ করানোর উদ্যোগ নেয়।
তবে ৬১ বিজিবি ব্যাটালিয়নের কালিরহাট বিওপির টহলরত সদস্যরা বিষয়টি টের পেয়ে সতর্ক অবস্থান নেন। পরে বিএসএফকে কঠোর বার্তা দেওয়া হলে তারা ওই তিন ব্যক্তিকে নিয়ে ফিরে যায় বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, ঘটনার পর সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
৬১ বিজিবি ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। অনুপ্রবেশ বা পুশইনের যেকোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।
৬১ বিজিবি ব্যাটালিয়ন (তিস্তা-২)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম বলেন, ‘তিনজনকে ভারতের অভ্যন্তর থেকে এনে কাঁটাতারের বেড়ার সার্চলাইট বন্ধ করে গেট দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়েছিল। তবে বিজিবির সক্রিয় অবস্থানের কারণে কোনো পুশইনের ঘটনা ঘটেনি। সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
- বিষয় :
- পাটগ্রাম সীমান্ত
- পুশইন
- বিএসএফ
