চট্টগ্রামে বুধবার শুরু ৪১তম শাহাদাতে কারবালা মাহফিল
ছবি : সংগৃহীত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৫ জুন ২০২৬ | ২৩:৫৫
আহলে বায়েত রাসুল স্মরণে চট্টগ্রামে আগামী বুধবার শুরু হতে যাচ্ছে ১০ দিনব্যাপী ৪১তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল। নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্লাজায় এ মাহফিল অনুষ্ঠিত হবে।
সোমবার দুপুরে নগরীর একটি রেস্তোরাঁয় শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সেখানে পরিচালনা পর্ষদের প্রধান সমন্বয়ক ও পিএইচপি ফ্যামিলির পরিচালক মোহাম্মদ আলী হোসেন সোহাগ বলেন, ‘৪০ বছর আগে যখন আল্লামা জালাল উদ্দিন আল কাদেরী (র.) শাহাদাতে কারবালা মাহফিল শুরু করেছিলেন; তখন তাঁকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল। কারণ তখন শাহাদাতে কারবালা মানে ছিল মিছিল ও মাতম। কিন্তু আহলে বায়েতের প্রেম শোক নয়; এটা যে একটা শক্তি–সেই জিনিসটা তিনি এ মাহফিলের মাধ্যমে আমাদের শিখিয়েছেন। বর্তমানে এই মাহফিল সারাদেশে ছড়িয়ে পড়েছে।’
আহলে সুন্নাত ওয়াল জামাআতের চেয়ারম্যান কাজী মঈনুদ্দিন আশরাফি বলেন, ‘আহলে বায়েত রাসুল ইসলামের জন্য ত্যাগ স্বীকার করে যে মর্যাদা পেয়েছেন; সেটা আলোচিত না হলে মুসলিম উম্মাহ অন্ধকারে চলে যাবে। অন্ধকার থেকে আলোর পথে যাত্রার জন্যই শাহাদাতে কারবালা মাহফিলের প্রয়োজন।’
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রধান অধ্যাপক মাওলানা জাফর উল্লাহ। আরও উপস্থিত ছিলেন অধ্যাপক কামাল উদ্দিন আহমেদ, জমিয়তুল ফালাহ মসজিদের খতিব আল্লামা সৈয়দ আবু তালেব মুহাম্মদ আলাউদ্দিন, সিরাজুল মোস্তফা, খোরশেদুর রহমান, আবদুল হাই মাসুম, পেয়ার মোহাম্মদ প্রমুখ।
- বিষয় :
- মাহফিল
