পোশাক শ্রমিক ছাঁটাই নির্যাতন বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ
ছবি : সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক, সাভার
প্রকাশ: ১৬ জুন ২০২৬ | ০০:৫৬
সাভারে শ্রমিক ছাঁটাই-নির্যাতন বন্ধ, ছাঁটাই করা শ্রমিকদের পুর্নবহাল, বন্ধ কারখানা চালু ও মিথ্যা মামলা প্রত্যাহারসহ ত্রিপক্ষীয় চুক্তি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। সোমবার দুপুরে রানা প্লাজার সামনে এই কর্মসূচি পালন করেছেন শ্রমজীবী ঐক্য পরিষদ ও বিভিন্ন পোশাক কারখানা থেকে ছাটাই হওয়া শ্রমিকরা।
সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমজীবী ঐক্য পরিষদ ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম সুজন। সভায় বক্তব্য দেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুমাইয়া ইসলাম, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কবির হোসেন, সম্মিলিত শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাহিদুল হাসান নয়ন।
সভাপতির বক্তব্যে রফিকুল ইসলাম সুজন বলেন, জাতীয় বাজেটে পোশাক শিল্পের সংকট সমাধানে বরাদ্দ না থাকায় শ্রমিকরা হতাশ ও বাজেট পুনর্বিবেচনার দাবি, শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা, ছাটাই করা শ্রমিকদের কাজে পুর্নবহাল, মিথ্যা মামলা প্রত্যাহার, লে-অফ প্রত্যাহার, ত্রিপক্ষীয় চুক্তি বাস্তবায়নের দাবি জানান। বে-আইনীভাবে আল মুসলিম গ্রুপ থেকে ছাটাই করা শ্রমিকদের অবিলম্বে কাজে পুর্নবহাল করে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানান তিনি। এছাড়া নাসা গ্রুপের বন্ধ কারখানা চালু করা, বকেয়া বেতন ভাতা পরিশোধ, বেক্সিমকো গ্রুপের বন্ধ কারখানা চালু করা, বকেয়া বেতন-ভাতা পরিশোধ কর, সাঙ্গু টেক্সটাইল লিমিটেড-১ ও ২ এর বেআইনী লে-অফ প্রত্যাহার করার দাবি জানানো হয়েছে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রগতিশীল শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কামরুন্নাহার, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক আবু কালাম, বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাভার-আশুলিয়া থানা কমিটির সভাপতি আলী আকবর, রাসেল প্রমাণিক, গার্মেন্ট শ্রমিক ঐক্য ফোরামের সাভার থানা কমিটির সভাপতি কবির খান মনির প্রমুখ।
- বিষয় :
- শ্রমিকদের আন্দোলন
- বিক্ষোভ সমাবেশ
