ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

টিকটকে আসক্ত স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

টিকটকে আসক্ত স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক
×

ছবি: সংগৃহীত

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২৬ | ১১:৫০ | আপডেট: ১৬ জুন ২০২৬ | ১১:৫৭

নড়াইলের লোহাগড়ায় টিকটক আসক্ত স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী লিমন মল্লিক (২৭)-কে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। সোমবার রাতে উপজেলার দিঘলিয়া এলাকা থেকে লিমনকে আটক করে লোহাগড়া থানা পুলিশ।

নিহত সুমনা ফেরদৌসী লোহাগড়া উপজেলার চর দিঘলিয়া গ্রামের ইদ্রিস মল্লিকের ছেলে লিমন মল্লিকের দ্বিতীয় স্ত্রী। তার বাবার বাড়ি নারায়ণগঞ্জে।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, লিমন চায়ের দোকান চালানোর পাশাপাশি কাঠ কাটার শ্রমিক হিসেবে কাজ করতেন। তার অনুপস্থিতিতে স্ত্রী সুমনা সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ভিডিও পোস্ট করতেন এবং বিভিন্ন পুরুষের সঙ্গে যোগাযোগ রাখতেন-এমন অভিযোগকে কেন্দ্র করে দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সোমবারও টিকটক সংক্রান্ত বিষয় নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে লিমনের আঘাতে সুমনা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে শ্বাসরোধে তার মৃত্যু নিশ্চিত করে মরদেহ ঘরের আড়ায় ঝুলিয়ে রাখা হয় বলে অভিযোগ।

ঘটনার পর লিমন স্বাভাবিকভাবে বাইরে কাজ শেষে বিকেলে বাড়িতে ফিরে দরজা খুলে চিৎকার করে কান্নাকাটি শুরু করেন। এতে স্থানীয়দের সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সুরতহাল শেষে পুলিশ জানায়, এটি আত্মহত্যা নয়, একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এরপর সন্দেহভাজন হিসেবে লিমন মল্লিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।

লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিমন স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন এবং ঘটনার বর্ণনা দিয়েছেন। তার দাবি অনুযায়ী, হত্যার পর ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে সাজানোর চেষ্টা করা হয়েছিল। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
 

আরও পড়ুন

×