গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩ জনের মৃত্যু
ফাইল ছবি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুন ২০২৬ | ১২:৫০
নারায়ণগঞ্জের বন্দরে গ্যাস সংযোগের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের পাঁচজনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু হয়েছে।
সোমবার নিহতদের কুমিল্লায় গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা। নিহতরা হলেন—আব্দুল মান্নান মিয়া (৫০), তার স্ত্রী গার্মেন্টস শ্রমিক সুলতানা বেগম (৩৮) ও তাদের একমাত্র কলেজপড়ুয়া ছেলে সিয়াম (১৯)। এ ছাড়া শিশুকন্যা মিম (১১) ও পার্শ্ববর্তী রুমের শিশু হযরত আলীর অবস্থাও আশঙ্কাজনক।
এর আগে গত বৃহস্পতিবার ভোরে বন্দরের মদনপুর ইউপির চাঁনপুর এলাকার অবৈধ গ্যাস সংযোগের লিকেজ থেকে বাসায় গ্যাস জমে দগ্ধ হন একই পরিবারের চারজনসহ মোট ৫ জন। এরপর থেকে তারা ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। সর্বশেষ গত শনিবার রাতে ঢামেক বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার মদনপুর ইউপির ৫ নম্বর ওয়ার্ড চাঁনপুর এলাকায় ভাড়াটিয়া একতলা বাড়িতে ‘অবৈধ’ গ্যাস সংযোগ নিয়েছেন বাড়ির মালিক আক্তার হোসেন। এ বাড়িতে ভাড়া নিয়ে আব্দুল মান্নান মিয়া তার পরিবারসহ বসবাস করতেন। প্রতিদিনের ন্যায় গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে আব্দুল মান্নান মিয়ার স্ত্রী সুলতানা বেগম রান্নাঘরের দরজা-জানালা না খুলে রান্না করতে চুলায় আগুন জ্বালান। এ সময় হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে একই পরিবারের ৪ জনসহ ৫ জন অগ্নিদগ্ধ হন। পরে আহতদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির চার দিন পর চিকিৎসাধীন অবস্থায় স্বামী-স্ত্রী ও তাদের কলেজপড়ুয়া ছেলে মারা গেছেন।
বন্দর থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, গ্যাস বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের তিনজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার তাদের দাফন করা হয়েছে বলে স্বজনদের কাছ থেকে জানতে পেরেছি।
- বিষয় :
- দগ্ধ হয়ে মৃত্যু
