ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

শরীয়তপুরে বাল্যবিয়ে পড়ানোর দায়ে কারাগারে কাজী

শরীয়তপুরে বাল্যবিয়ে পড়ানোর দায়ে কারাগারে কাজী
×

ছবি: সমকাল

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২৬ | ১৩:২৬

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ১৬ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিয়ে সম্পাদনের অভিযোগে এক নিকাহ রেজিস্ট্রারকে (কাজী) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকেলে শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের নয়ন মাদবর কান্দী গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকী দাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে পুলিশ এবং উপজেলা মহিলা-বিষয়ক কর্মকর্তারা অংশ নেন। অভিযানের সময় ১৬ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে ৩৬ বছর বয়সী এক ব্যক্তির বিয়ের আয়োজনের সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে বাল্যবিয়ের আয়োজন বন্ধ করে দেয়। 

এ সময় বিয়ে সম্পাদনের সঙ্গে জড়িত নিকাহ রেজিস্ট্রার মাওলানা মো. জাকির হোসেনকে (৬৫) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ঘটনাস্থল থেকে বাল্যবিয়ে সম্পাদনের প্রমাণ হিসেবে একটি খসড়া রেজিস্টার খাতা জব্দ করা হয়েছে।

এ ঘটনায় বর, কিশোরীর বাবা ও মা এবং স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানা গেছে।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান বলেন, বাল্যবিয়ে একটি দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শিশুদের অধিকার সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন

×