ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে যুবকের মৃত্যু

নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে যুবকের মৃত্যু
×

ম্যাপ

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২৬ | ১৬:০২

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার নিলক্ষা ইউনিয়নের দড়িগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত বছরের ৮ ডিসেম্বর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জবা মেম্বার ও মিস্টার গ্রুপের সংঘর্ষে মিস্টার গ্রুপের সমর্থক মামুন নামের এক প্রবাসী গুলিতে নিহত হন। এ হত্যা মামলার আসামি হওয়ার পর জবা মেম্বার ও সহযোগী আলাল মুন্সিসহ তাদের গ্রুপের লোকজন এলাকাছাড়া হয়। 

এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার ভোরে স্পিডবোটযোগে অস্ত্রধারী সঙ্গীদেরত নিয়ে এলাকায় ঢোকেন জবা ও তার সমর্থকরা। এ সময় তারা আকস্মিক হামলা চালালে মিস্টার গ্রুপের লোকজন তাদের প্রতিহত করতে এগিয়ে যায়। এতে সংঘর্ষস্থল দড়িগাঁও পূর্বপাড়া গ্রামের উসমান মেম্বারের ছেলে অনিক (২০) মাথায় গুলিবিদ্ধসহ ৫ জন আহত হন। স্থানীয়রা অনিককে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, দুই পক্ষের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিল। এরই অংশ হিসেবে মঙ্গলবার ভোর থেকেই আগ্নেয়াস্ত্র এবং দেশি অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে তারা সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে থানা-পুলিশ, র‍্যাব, উপজেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সংঘর্ষের ঘটনায় অনিক নামে একজন নিহত হয়েছেন। 

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, কয়েকজন আহত হওয়ার খবর পেয়েছি। ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।  

আরও পড়ুন

×