গোসল করতে গিয়ে কিশোরকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ, পলাতক ২
নিহত কিশোর রাহাত। ছবি: সংগৃহীত
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ১৭ জুন ২০২৬ | ১২:১৫
গাইবান্ধা সদর উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে তর্ক-বিতর্কের জেরে এক কিশোরকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুই কিশোরের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত দুই কিশোর পলাতক রয়েছে। মঙ্গলবার বিকেলের দিকে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের উত্তর হরিণ সিংহা গ্রামের হাওয়াই দিঘি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কিশোর রাহাত (১৬) একই গ্রামের মকবুল হোসেনের ছেলে। অভিযুক্ত দুই কিশোর সাকিব (১৬) ও রিফাত (১৭) একই এলাকার বাসিন্দা। তারা তিনজনই ঢাকায় শ্রমিকের কাজ করতেন বলে জানা গেছে।
স্থানীয়দের বরাতে জানা যায়, বিকেলে তিন কিশোর একসঙ্গে হাওয়াই দিঘিতে গোসল করতে নামে। এর আগে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে রাহাতকে পানিতে চুবিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ করেন স্থানীয়রা। পরে অচেতন অবস্থায় রাহাতকে উদ্ধার করে পরিবারের সদস্যরা গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসাব্বির হোসেন বলেন, ঘটনার সময় তারা তিনজনই পুকুরে গোসল করতে যায়। এর আগে তাদের মধ্যে তর্কাতর্কি ও হাতাহাতি হয়েছে বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে। তবে কীভাবে মৃত্যু হয়েছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
তিনি আরও জানান, পুকুরপাড় থেকে অচেতন অবস্থায় রাহাতকে উদ্ধার করা হলে প্রথমে তাকে জীবিত ভেবে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, নিহতের শরীরে কোনো স্পষ্ট আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর থেকে অভিযুক্ত দুই কিশোর পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
- বিষয় :
- গাইবান্ধা
- বিতর্ক
- হত্যার অভিযোগ
