ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

ফ্যামিলি কার্ড বিতরণে শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী 

ফ্যামিলি কার্ড বিতরণে শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী 
×

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি- পিআইডি

বাসস ও মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুন ২০২৬ | ১৪:৩০

প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌঁছেছেন। বুধবার দুপুর ১টা ৩ মিনিটে তিনি শ্রীমঙ্গলে পৌঁছান।

প্রধানমন্ত্রী এর আগে সকাল ৯টা ৩৮ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেন। আকাশপথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ১০টা ২০ মিনিটে এসে পৌঁছানোর পর সিলেট বিভাগের রাজনৈতিক নেতা ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী এরপর মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশে সড়কপথে যাত্রা করেন। 

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, সিলেট থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌঁছে দুপুর একটায় ভিক্টোরিয়া কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণের কর্মসূচির উদ্বোধনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তাঁর কর্মসূচি শুরু করবেন। শ্রীমঙ্গলের কর্মসূচি শেষ করে দুপুর আড়াইটায় মৌলভীবাজারের উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণের কর্মসূচিতে যোগ দেবেন তিনি। সেখান থেকে প্রধানমন্ত্রী দুসাই রিসোর্টে দলের নেতাদের সভায় অংশ নেবেন। এরপর বিকেলে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে সিলেটে রওনা করবেন।

দেড় দশকের বেশি সময় লন্ডন থাকার পরে গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। ১২ ফেব্রুয়ারির নির্বাচনী প্রচাররাভিযানে মৌলভীবাজার গিয়েছিলেন তিনি। নির্বাচনে বিএনপি সরকার গঠন করে। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো দিনব্যাপী সফরে মৌলভীবাজারে গেেন তারেক রহমান।

মৌলভীবাজার শহর ও শ্রীমঙ্গলে সমাবেশ
সমকালের মৌলভীবাজার প্রতিনিধি জানিয়েছেন, মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর তারেক রহমানের আগমনকে ঘিরে বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে বুধবার সকাল থেকে উৎসবের আমেজ বিরাজ করছিল। বিভিন্ন বাহিনীর সদস্যরা নিরাপত্তা দিতে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠসহ জেলা সদরের কোর্ট রোডে সারিবদ্ধভাবে দায়িত্ব পালন করেন। এ দিন বেলা ১১টা ৩৯ মিনিটে মুষলধারে বৃষ্টি শুরু হলে উৎসব আমেজে কিছুটা ছন্দ পতন ঘটে। 

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মৌলভীবাজার শহর ও শ্রীমঙ্গলে দু'টি পৃথক সমাবেশের আয়োজন করেছে বিএনপি। সূচি অনুযায়ী শ্রীমঙ্গল ভিক্টোরিয়া হাইস্কুল মাঠের অনুষ্ঠান দুপুর একটায় অনুষ্ঠিত হবে। এরপর দুপুর আড়াইটার দিকে জেলা সদরে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রীর বক্তব্য দেবেন। শ্রীমঙ্গলের সমাবেশ আগে হওয়ার কারণে বিএনপির নেতাকর্মীরা সেখানে চলে গেছেন। মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের মঞ্চ প্রধানমন্ত্রীর বক্তব্যের জন্য প্রস্তুত রয়েছে। এ দুই সমাবেশে শ্রীমঙ্গলের মির্জাপুর ও রাজনগরের টেংরা ইউনিয়নের দু'টি ওয়ার্ডের সুবিধাভোগী ৩শ ৭টি ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। 

এদিকে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশের আয়োজন করায় সেখানে কোর্ট রোডে প্রশাসনের যানবাহন ছাড়া কোনো যানবাহন চলাচল করছে না। সাধারণ মানুষকে পায়ে হেঁটে যাতায়াত করতে দেখা গেছে।

জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন জানান, সমাবেশ আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে পৌঁছাবেন।

আরও পড়ুন

×