ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সারাদেশে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

সারাদেশে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী
×

প্রতীমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুন ২০২৬ | ২১:১৪ | আপডেট: ১৮ জুন ২০২৬ | ২১:২৪

বর্তমান সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সারাদেশের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে কাজ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, দেশের প্রতিটি অঞ্চলের মানুষের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে সরকার সড়ক, সেতু ও রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ধারাবাহিকভাবে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ইছাপুরা ও নগরপাড়া বালু সেতু পরিদর্শন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, কায়েতপাড়া ও নগরপাড়া এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা এই সেতু দুটি। নানা জটিলতা ও প্রতিবন্ধকতার কারণে কাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। একটি মহল ইচ্ছাকৃতভাবে সেতুর কাজ বন্ধ রাখার চেষ্টা করেছে, যাতে এ অঞ্চলের উন্নয়ন ব্যাহত হয়। তবে জনগণের ভোটে নির্বাচিত সরকার দেশের প্রতিটি এলাকার উন্নয়ন নিশ্চিত করতে বদ্ধপরিকর। এ কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সময়ের মধ্যে সেতুর কাজ সম্পন্নের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি গ্রামীণ অবকাঠামো উন্নয়নেও বিশেষ গুরুত্ব দিচ্ছেন। যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে এলাকার অর্থনীতি, শিক্ষা, চিকিৎসাসেবা এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। তাই জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু বলেন, ইছাপুরা ও নগরপাড়া সেতুর কাজ সম্পন্ন হলে হাজারো মানুষের যাতায়াত সহজ হবে। সময় ও পরিবহন ব্যয় কমে আসবে। পাশাপাশি কৃষি উৎপাদন, ব্যবসা-বাণিজ্য এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। তিনি বলেন, সেতু দুটি চালু হলে ঢাকা থেকে রূপগঞ্জে যাতায়াত আরও সহজ হবে এবং ঢাকা-সিলেট মহাসড়কের বিকল্প যোগাযোগ ব্যবস্থাও শক্তিশালী হবে।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—রাজীব আহসান, গোলাম ফারুক খোকন, অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনা সভা শেষে প্রতিমন্ত্রী ও অন্যান্য অতিথি তারাবো পৌরসভা অডিটোরিয়ামে উপকারভোগীদের মাঝে ভ্যানগাড়ি ও ছাগল বিতরণ করেন।

আরও পড়ুন

×