ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

গৃহকর্মী নির্যাতনে গ্রেপ্তার পুলিশ দম্পতি, বরখাস্ত

গৃহকর্মী নির্যাতনে গ্রেপ্তার পুলিশ দম্পতি, বরখাস্ত
×

খুলনা ব্যুরো

প্রকাশ: ১৮ জুন ২০২৬ | ২১:৪৪

গৃহকর্মী নির্যাতনের ঘটনায় খুলনার সোনাডাঙ্গা থানার উপসহকারী পরিদর্শক (এএসআই) পপি রানী সাহা ও সঞ্জয় কুমার সরকারের বিরুদ্ধে মামলা হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকালে ভুক্তভোগীর মা এই মামলা করেন। মামলার পরপরই পপি রানী সাহা ও সঞ্জয় কুমার সরকারকে গ্রেপ্তার করা হয়। 

এদিন বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ সূত্র জানিয়েছে, দুজনকেই চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পুলিশ জানায়, সোনাডাঙ্গা আবাসিক এলাকার দ্বিতীয় ফেজের ৬ নম্বর রোডের ৪১৯ নম্বর বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকেন পপি-সঞ্জয় দম্পতি। তাদের সন্তান দেখাশোনার জন্য পপির বাড়ি থেকে মিলন দাশ নামে একটি মেয়েকে আনা হয়। পাঁচ বছর ধরে মিলন ওই দম্পতির সঙ্গেই থাকেন।

গত বুধবার দুপুরে বাসায় রান্না করার সময় অসাবধানে কড়াইয়ে আগুন ধরে যায়, পুড়ে যায় তরকারি। রাগে সেই পোড়া কড়াই দিয়ে মিলন দাশের শরীরে ছ্যাঁকা দেন পপি রানী সাহা। সঙ্গে চড়, থাপ্পড়, অসংখ্যবার কান ধরে ওঠবস করা তো ছিলই। জানালা দিয়ে দৃশ্যটি দেখে ওই বাড়িতে ছুটে যান কয়েকজন সংবাদকর্মী ও নারী নেত্রী। তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দেওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহকর্মী মিলন দাশকে উদ্ধার করে। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

এ ঘটনায় মিলনের মা মিনতী রানী গতকাল সোনাডাঙ্গা থানায় মামলা করেন। বিষয়টি নিশ্চিত করে খুলনা মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (সোনাডাঙ্গা জোন) মো. হুমায়ুন কবির বলেন, গত বুধবার দুপুরে গৃহকর্মীকে উদ্ধার করে ওসিসিতে ভর্তি করা হয়। পুলিশ দম্পতির বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়। বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন

×