ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

‘পানি পানে’ অসুস্থ শতাধিক শ্রমিক এক দিনের ছুটি

‘পানি পানে’ অসুস্থ শতাধিক শ্রমিক এক দিনের ছুটি
×

অসুস্থ শ্রমিকদের কয়েকজনকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় সমকাল

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুন ২০২৬ | ১০:০১

| প্রিন্ট সংস্করণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকার একটি পোশাক কারখানায় শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। কারখানায় খাবার পানি পান করার পর তারা অসুস্থ হন দাবি করেছেন শ্রমিকরা। গতকাল বৃহস্পতিবার সকালে ড্রেসম্যান লিমিটেড নামক কারখানায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে জেলা সিভিল সার্জন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।

কারখানা কর্তৃপক্ষ বলছে, অসুস্থ সব শ্রমিকের চিকিৎসার খরচ প্রতিষ্ঠান বহন করবে। গতকালই অধিকাংশ শ্রমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন।
কারখানার শ্রমিকরা ও পুলিশ জানায়, প্রতিদিনের মতো গতকালও সকাল ৮টার দিকে শ্রমিকরা কাজে যোগ দেন। পরে কয়েকজন শ্রমিক কারখানার পানির ট্যাপ থেকে পানি পান করেন। কাজে বসার পর কয়েকজন নারীশ্রমিক তাদের সেলাই মেশিনের ওপর বমি করে অজ্ঞান হয়ে পড়েন। এতে সহকর্মীরা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। এরপর সময় গড়াতে থাকলে একে একে শতাধিক শ্রমিক কারখানায় অসুস্থ হয়ে পড়েন। তাদেরও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। এ সময় কারখানা এক দিনের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
অসুস্থ হয়ে পড়া ওই কারখানার শ্রমিক বেলাল হোসেন ও রাবেয়া খাতুন বলেন, সকালে আমরা কারখানায় আসি। কারখানার ভেতরে পানি খাওয়ার পরই আমরা অসুস্থ হয়ে পড়ি। কারখানার ভেতরে একটা পচা গন্ধ বের হচ্ছে। ওই গন্ধের কারণে শ্রমিকরা আরও বেশি অসুস্থ হচ্ছে। 

কারখানার সহকারী প্রশাসনিক কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, তিন দিন ধরে টানা বৃষ্টিপাতের কারণে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। যেসব এলাকার শ্রমিকরা জলাবদ্ধতায় আটকে ছিল, মূলত তারাই বেশি অসুস্থ হয়েছে। তিনি আরও বলেন, শ্রমিকরা অসুস্থ হওয়ার ঘটনায় আমরা কারখানার পানি নিজেরাই পান করে দেখেছি। তা ছাড়া পানি পরীক্ষার জন্য ল্যাবেও পাঠিয়েছি। আমাদের ধারণা, বৃষ্টির ময়লা পানি থেকে তাদের ফুড পয়জনিং হতে পারে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক সফিকুর রহমান বলেন, উপজেলা কমপ্লেক্সে ওই কারখানার ১১০ জন রোগী এসেছেন। যতটুকু বুঝেছি, খাবার পানি খেয়ে তারা অসুস্থ হয়েছেন। তাদের মধ্যে ছয়জন গুরুতর অসুস্থ হওয়ায় গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন বলে জেনেছি। এ বিষয়ে কারখানায় নিরাপত্তা জোরদারসহ শ্রমিকদের খোঁজখবর নেওয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, কী কারণে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়ল তার কারণ তদন্ত করে দেখা হবে। 

আরও পড়ুন

×