সাতক্ষীরায় ডোবা থেকে মধু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুন ২০২৬ | ১২:২৩
সাতক্ষীরার কলারোয়ায় মেহেদী হাসান (৩২) নামে এক মধু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদের পেছনে একটি মোবাইল ফোন টাওয়ারসংলগ্ন ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মেহেদী হাসান উপজেলার কয়লা ইউনিয়নের কয়লা গ্রামের মিজানুর রহমানের ছেলে। তিনি পেশায় মধু ব্যবসায়ী ছিলেন। তার স্ত্রী ও চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
স্থানীয়দের বরাতে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর থেকে মেহেদীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। শুক্রবার সকালে জালালাবাদ গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের স্ত্রী জোহরা খাতুনের বোন সালেহা খাতুন ময়লা ফেলতে গিয়ে ডোবায় একটি মরদেহ ভাসতে দেখেন। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের মা মনোয়ারা বেগম বলেন, 'আমার ছেলে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়েছিল। রাতে আর বাড়ি ফেরেনি। আমরা ভেবেছিলাম হয়তো পাশের আলাইপুর গ্রামে তার শ্বশুরবাড়িতে গেছে। সকালে লোকজন এসে জানায়, কে বা কারা আমার ছেলেকে হত্যা করে জালালাবাদ এলাকায় ফেলে রেখে গেছে।'
খবর পেয়ে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মিথুন, কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়।
কলারোয়া থানার ওসি এইচ এম শাহীন বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা মেহেদী হাসানকে হত্যা করে মরদেহ ডোবায় ফেলে রেখে গেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
- বিষয় :
- সাতক্ষীরা
- ব্যবসায়ীর লাশ উদ্ধার
