এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব
প্রতিমন্ত্রী মীর শাহে আলম
বগুড়া ব্যুরো
প্রকাশ: ১৯ জুন ২০২৬ | ১৮:৪৫
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নামে একটি বিদ্যালয়ের নামকরণের প্রস্তাব দিয়েছে কর্তৃপক্ষ। প্রস্তাব অনুযায়ী, শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন নাম রাখা হতে পারে ‘শিবগঞ্জ মীর শাহে আলম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়’।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (বেসরকারি মাধ্যমিক শাখা-১) গত ৯ জুন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও বগুড়া জেলা প্রশাসকের কাছে পাঠানো চিঠিতে নাম পরিবর্তনের প্রস্তাবের বিষয়ে প্রয়োজনীয় তদন্ত ও মতামত দিতে নির্দেশ দেয়।
চিঠিতে প্রতিষ্ঠানটি সরেজমিন পরিদর্শন করে নাম পরিবর্তনের যৌক্তিকতা যাচাই করে সুপারিশসহ প্রতিবেদন পাঠাতে বলা হয়।
পরে জেলা প্রশাসকের নির্দেশে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে জেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন। জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী তদন্ত শেষে নাম পরিবর্তনের পক্ষে সুপারিশ করে বুধবার (১৭ জুন) প্রতিবেদন জমা দেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা ইসলাম বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনার পর তদন্ত প্রতিবেদন পাওয়া গেছে। সেটি পরবর্তী সিদ্ধান্তের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর নাম পরিবর্তনের কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
১৯৭৩ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি স্থানীয়দের জমির ওপর গড়ে ওঠে বলে জানা যায়। তবে নাম পরিবর্তনের বিষয়টি স্থানীয় অনেকের কাছে অজানা। কেউ কেউ এ সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন।
আবুল কালাম নামের স্থানীয় এক ব্যক্তি বলেন, অর্ধশতাধিক বছর আগের বিদ্যালয়টির নাম পরিবর্তনের বিষয়ে আমরা জানিনা। কেন নাম পরিবর্তন করতে হবে- তা আমার বোধগম্য নয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি সরকারিকরণের দাবি জানানো হচ্ছিল। আমরা নিজেরা সিদ্ধান্ত নিয়েছিলাম- আমাদের বিদ্যালয়টি কেউ সরকারিকরণ করলে তার নামে নামকরণ করা হবে। প্রতিমন্ত্রী বিদ্যালয়টি সরকারিকরণের প্রতিশ্রুতি দিয়েছেন। তাই তার নাম প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে মন্ত্রী তার নামে নামকরণ করতে আমাদের কিছু বলেননি।
এদিকে মন্ত্রীর দুই ছেলে সীমান্ত, দিগন্ত ও নিজের বংশের নামে ৩টি ইউনিয়নের নামকরণ করায় দেশজুড়ে সমালোচনা শুরু হয়। ইতিমধ্যে ওই ৩টি ইউনিয়নসহ নতুন ৪টি ইউনিয়নের প্রশাসকও নিয়োগ করা হয়েছে।
শিবগঞ্জ উপজেলায় নবগঠিত মীরবাড়ী ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ পেয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল হান্নান, মোকামতলা উপজেলায় স্বর্ণগ্রাম ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ পেয়েছেন শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, সীমান্ত ইউনিয়নে প্রশাসক নিয়োগ পেয়েছেন শিবগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী নাজমুল হোসাইন এবং দিগন্ত ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ পেয়েছেন শিবগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আল মামুন।
এ বিষয়ে বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রাজিয়া সুলতানা বলেন, নতুন চার ইউনিয়নে প্রশাসক নিয়োগের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দেন শিবগঞ্জের ইউএনও। প্রস্তাব অনুযায়ী, স্থানীয় সরকার মন্ত্রণালয় চার ইউনিয়নে প্রশাসক নিয়োগ দিয়েছে।
- বিষয় :
- বগুড়া
- প্রতিমন্ত্রী
- স্কুল
- নামকরণ
