চাঁদা না পেয়ে অন্তঃসত্ত্বাকে মারধর, শ্লীলতাহানির অভিযোগে মামলা
মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুন ২০২৬ | ২২:৩৬
মারধর করে পরনের কাপড় টেনেহিঁচড়ে খুলে ফেলার অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা করেছেন এক অন্তঃসত্ত্বা। গত বৃহস্পতিবার নরসিংদী আদালতে মামলাটি করেন ভুক্তভোগী নারী উদ্যোক্তা।
আসামিরা হলেন– মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, একই উপজেলার হাররদিয়া এলাকার আব্দুল জব্বার এবং অর্জুনচর এলাকার মোক্তার উদ্দিন তালুকদার।
জানা গেছে, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন ধরে অন্তঃসত্ত্বা নারী উদ্যোক্তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। এরই জের ধরে গত ৭ মে দুপুরে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তাঁর বিউটি পার্লারে ঢুকে পুনরায় চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে অন্তঃসত্ত্বা ওই নারীর ওপর হামলা চালান। তাঁকে প্লাস্টিকের পাইপ দিয়ে পেটাতে থাকেন। মাটিতে লুটিয়ে পড়লে তাঁর কাপড়চোপড় টানাহ্যাঁচড়া করে শ্লীলতাহানি এবং নারীর ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলেন বিএনপি নেতা। এ সময় আব্দুল জব্বার নামে অন্য আসামি ব্যবসা প্রতিষ্ঠানের ডয়ারে থাকা ৫২ হাজার টাকা এবং মোক্তার উদ্দিন তালুকদার গলায় থাকা আট আনা ওজনের একটি স্বর্ণের হার ছিনিয়ে নেন বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন অভিযুক্তরা। পরে আহত অন্তঃসত্ত্বাকে কটিয়াদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ভুক্তভোগী জানান, চিকিৎসা শেষে মনোহরদী থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নিতে রাজি হয়নি। লিখিত অভিযোগ দিতে বলেছেন। পরে লিখিত অভিযোগ দিয়েছেন, কিন্তু আজ পর্যন্ত কোনো মামলা নেয়নি পুলিশ। পরে গত ১৮ জুন নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেছেন।
তবে মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলনের ভাষ্য, এমন কোনো ঘটনা ঘটেনি। একটা ভুল বোঝাবুঝি হওয়ার কারণে মামলাটি হয়েছে। এটি ভিত্তিহীন অভিযোগ।
মামলা নিতে গড়িমসি করার অভিযোগ অস্বীকার করে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, এ ধরনের ঘটনা তাঁর জানা নেই। কোনো নারীও থানায় এমন অভিযোগ নিয়ে আসেননি।
নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য মন্জুর এলাহী জানান, এটা একটা ষড়যন্ত্র, রাজনৈতিকভাবে ঘায়েল করার জন্য মামলাটি করা হতে পারে। এটার সুষ্ঠু তদন্ত হওয়া উচিৎ। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
- বিষয় :
- বিএনপি নেতা
- মামলা
- নরসিংদী
- অন্তঃসত্ত্বা
