ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু
×

মাহিম শেখ

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২০ জুন ২০২৬ | ০২:৩৪

ময়মনসিংহে ফুটবল বিশ্বকাপে নিজের প্রিয় দল ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহিম শেখ (১৪) নামে এক কিশোর মারা গেছে। শুক্রবার বিকেলে গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নের দক্ষিণ হারিনা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মাহিম ওই গ্রামের মো. নয়ন শেখের ছেলে এবং পাঁচবাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফুটবলপ্রেমী মাহিম বিশ্বকাপ ফুটবল উপলক্ষে নিজের বাড়ির আঙিনায় থাকা একটি আমগাছে কাঁচা বাঁশের সাহায্যে ব্রাজিলের পতাকা টাঙিয়েছিল। শুক্রবার বিকেলের দিকে বাতাসে বাঁশটি হেলে পড়ে। পতাকাটি ঠিকঠাক করার জন্য মাহিম গাছে ওঠে। গাছ থেকে বাঁশটি সোজা করার একপর্যায়ে অসাবধানতাবশত বাঁশটি পাশ দিয়ে যাওয়া ৪৪০ ভোল্টের বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে চলে আসে। এ সময় মাহিম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে নিচে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

পরিবার ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। 

আরও পড়ুন

×