বাঁশ দিয়ে গাছ থেকে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু
নিহত শতাব্দী চাকমা। ছবি: সংগৃহীত
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: ২০ জুন ২০২৬ | ১৫:৩৪ | আপডেট: ২০ জুন ২০২৬ | ১৬:১৮
রাঙামাটির নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শতাব্দী চাকমা (৫০) নামে এক সহকারী শিক্ষিকার মৃত্যু হয়েছে।
শনিবার সকালে উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের সমাজকল্যাণ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শতাব্দী চাকমা রাঙামাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সুখীনীলগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি প্রয়াত রবীচন্দ্র চাকমা ও লক্ষীদেবী চাকমার মেয়ে। শতাব্দী চাকমা বুড়িঘাট ইউনিয়নের রামহরি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার সকালে রাঙামাটি শহরের সুখীনীলগঞ্জ এলাকার বাসা থেকে কর্মস্থলের উদ্দেশে রওনা হন শতাব্দী চাকমা। ঘিলাছড়ি ইউনিয়নের সমাজকল্যাণ এলাকায় নেমে বিদ্যালয়ে যাওয়ার জন্য যানবাহনের অপেক্ষা করছিলেন। এ সময় রাস্তার পাশে একটি জামগাছ দেখে ফল সংগ্রহের উদ্দেশ্যে একটি কাঁচা বাঁশ দিয়ে জাম পাড়ার চেষ্টা করেন। একপর্যায়ে অসাবধানতাবশত বাঁশটি পাশের বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শ করলে তিনি বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এতে তার হাত পুড়ে যায়।
পরে স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বুড়িঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রমোদ খীসা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে তিনি জানতে পেরেছেন যে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই শিক্ষিকার মৃত্যু হয়েছে।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর বলেন, কাঁচা বাঁশ দিয়ে জাম পাড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শতাব্দী চাকমার মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। তার হাতে বিদ্যুতের সংস্পর্শে আসার চিহ্ন পাওয়া গেছে।
- বিষয় :
- রাঙামাটি
- বিদ্যুতায়িত
- মৃত্যু
