তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ৬৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে
ম্যাপ
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ২০ জুন ২০২৬ | ১৬:৪৬
বরিশালের গৌরনদীতে ৬৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে ৩ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে।
ঘটনা জানাজানির পর থেকে অভিযুক্ত বৃদ্ধ গা ঢাকা দিয়েছেন। গৌরনদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার তৌকির আহমেদ জানান, শিশুটিকে রক্তাক্ত অবস্থায় স্বজনরা ওইদিন গভীর রাতে হাসপাতালে নিয়ে আসে। উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার বিকেলে ভুক্তভোগীর চাচি জানান, শিশুটিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতোমধ্যে ওই মেডিকেলে শিশুটির মেডিকেল টেস্ট সম্পন্ন হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসির দায়িত্বে থাকা এসআই মো. ফিরোজ আলম জানান, ঘটনার খবর পেয়ে ওই রাতেই আমি গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই। সেখানে গিয়ে দেখি ভুক্তভোগীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, অভিযুক্তকে আটকে রাখা হয়েছে বলে খবর পেয়ে আমি ওইরাত ৪টার দিকে ঘটনাস্থলে যাই। তখন বাড়ির লোকজন জানায় অভিযুক্ত পালিয়ে গেছে। তবে এই ঘটনায় মামলা দায়েরের জন্য এখন পর্যন্ত কেউ থানায় যোগাযোগ করেনি।
- বিষয় :
- শিশু ধর্ষণ
- গৌরনদী
