গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
প্রতীকী ছবি
কক্সবাজার প্রতিনিধি ও পেকুয়া সংবাদদাতা
প্রকাশ: ২০ জুন ২০২৬ | ২৩:১৯
কক্সবাজারের পেকুয়ায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুর ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মুরাপাড়া এলাকায় শ্বশুরবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূর নাম কাজল রেখা (২১)। তিনি পৌরসভার উত্তর গোয়াখালী এলাকার গ্রামপুলিশ জসিম উদ্দিনের মেয়ে। কাজলের স্বামীর নাম মোহাম্মদ রানা।
নিহতের স্বজনরা জানান, ২০২৫ সালে রানার সঙ্গে কাজলের বিয়ে হয়। স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকত। গতকাল শুক্রবার রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয় এবং শনিবার দুপুরে কাজলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে কাজলের শ্বশুরবাড়ির লোকজন গা ঢাকা দিয়েছেন।
নিহতের ছোট ভাই রাকিবুল ইসলাম বকুল অভিযোগ করে বলেন, ‘আমার বোনকে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। ঘটনার পর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পালিয়েছেন। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
তিনি আরও বলেন, ‘‘আমি নিজে গিয়ে বোনকে শ্বশুরবাড়িতে রেখে এসেছিলাম। বোন সেখানে যেতে চাচ্ছিল না। ‘সে বলেছিল, শ্বশুরবাড়িতে গেলে তারা আমাকে মেরে ফেলবে।’ শনিবার দুপুরে রানা কলে বোনের আত্মহত্যার খবর জানান। আমার বোন আত্মহত্যা করতে পারে না। তাকে হত্যা করে আত্মহত্যা বলে অপপ্রচার চালানো হচ্ছে।”
নিহত কাজল রেখা বাবা জসিম উদ্দিন বলেন, ‘আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এর সঠিক বিচার চাই।’
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত কার্যক্রম শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
- বিষয় :
- কক্সবাজার
- গৃহবধূকে হত্যা
- মরদেহ উদ্ধার
