পতেঙ্গা কনটেইনার টার্মিনাল
যুক্ত হলো ৩০০ কোটি টাকার চার অত্যাধুনিক ক্রেন
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশ: ২১ জুন ২০২৬ | ০৭:৫৯
| প্রিন্ট সংস্করণ
বিদেশি অপারেটরের মাধ্যমে পরিচালিত পতেঙ্গা কনটেইনার টার্মিনালের (পিসিটি) জন্য প্রথমবারের মতো আনা হয়েছে চারটি অত্যাধুনিক কিউ গ্যান্ট্রি ক্রেন (কিউজিসি)। এসব ক্রেন নিয়ে বিশেষায়িত ডেক জাহাজ ‘এমভি ল্যান হাই হং ইউন’নোঙর করেছে চট্টগ্রাম বন্দরে। পিসিটি টার্মিনালটি পরিচালনা করছে সৌদি প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল (আরএসজিটি)। প্রায় ৩০ মিলিয়ন মার্কিন ডলারে চীন থেকে এসব ক্রেন এনেছে প্রতিষ্ঠানটি।
চট্টগ্রাম বন্দরের সচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. নাসির উদ্দিন জানান, পিসিটি জেটিতে গত শুক্রবার রাতে জাহাজটি নোঙর করে। কিউ গ্যান্ট্রি ক্রেনগুলো ৩০ জুনের মধ্যে দেশে আসবে বলে বন্দরের সঙ্গে চুক্তিতে উল্লেখ করেছিল আরএসজিটি। এই ক্রেন দিয়ে দ্রুততম সময়ে অনেক কনটেইনার হ্যান্ডলিং করা যায়। জাহাজ থেকে নিরাপদে পণ্য ওঠানামারও সবচেয়ে আধুনিক প্রযুক্তি এটি।
পিসিটির হেড অব কমার্শিয়াল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স সৈয়দ আরিফ সারওয়ার জানান, গত বছরের ফেব্রুয়ারিতে চীনের সানি মেরিন হেভি ইন্ডাস্ট্রি থেকে চারটি কিউজিসি সংগ্রহের জন্য চুক্তি করে আরএসজিটি। দীর্ঘ এক বছরেরও বেশি সময় এগুলো নির্মাণ করা হয়। এই চারটি ক্রেন চালু হলে আরএসজিটি বাংলাদেশের বার্ষিক কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা দ্বিগুণ বাড়বে। বর্তমানে দুই লাখ ৫০ হাজার টিইইউএস থেকে বেড়ে এটি পাঁচ লাখ টিইইউএসে উন্নীত হবে। একই সঙ্গে জাহাজের অপেক্ষার সময় কমবে এবং লজিস্টিক খরচও কমবে। এর আগে পিসিটির জন্য ২৬ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে ১৪টি রাবার টায়ার্ড গ্যান্ট্রি ক্রেন সংগ্রহ করেছিল আরএসজিটি।
- বিষয় :
- ক্রেন