শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
২ বছর পর চালু অপারেশন থিয়েটার, ৪ বছর পর সচল জেনারেটর
ছবি: সমকাল
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ২১ জুন ২০২৬ | ১৭:৩২ | আপডেট: ২১ জুন ২০২৬ | ১৭:৫০
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর চালু হয়েছে প্রসূতি সেবার অপারেশন থিয়েটার (ওটি)। একই সঙ্গে প্রায় চার বছর ধরে অচল থাকা অত্যাধুনিক জেনারেটরও সচল করা হয়েছে।
রোববার থেকে আনুষ্ঠানিকভাবে প্রসূতি সেবার জন্য অপারেশন থিয়েটার চালু করা হয়। এতে করে উপজেলার গর্ভবতী মায়েরা আবারও স্থানীয়ভাবে সিজারিয়ান অপারেশনসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন জানান, ৫০ শয্যাবিশিষ্ট শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগে নিয়মিত সিজারিয়ান অপারেশনের মাধ্যমে প্রসূতি সেবা দেওয়া হতো। তবে বিভিন্ন জটিলতার কারণে প্রায় দুই বছর ধরে অপারেশন থিয়েটার বন্ধ ছিল। দুই বছর পর আইনমন্ত্রীর উদ্যোগে সেটি পুনরায় চালু করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, স্বাস্থ্য বিভাগ থেকে ২০২৩ সালে পাওয়া অত্যাধুনিক জেনারেটরটি দীর্ঘদিন ব্যবহার করা সম্ভব হয়নি। রোববার সেটিও সচল করা হয়েছে।
হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য মনিরুল ইসলাম হিটু বলেন, দীর্ঘদিন ধরে অপারেশন থিয়েটার ও জেনারেটর অচল থাকায় রোগীরা ভোগান্তিতে ছিলেন। দুটি সেবা একসঙ্গে চালু হওয়ায় স্থানীয়দের চিকিৎসা সুবিধা আরও বৃদ্ধি পাবে।
এদিকে, রোববার বেলা ১১টার দিকে হাসপাতালটিতে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান জন্ম দেন এক প্রসূতি। রোগীর অভিভাবক ব্রহ্মপুর গ্রামের অন্তর হোসেন জানান, সরকারি হাসপাতালে স্ত্রীর সফল অস্ত্রোপচার হওয়ায় তিনি অত্যন্ত সন্তুষ্ট ও আনন্দিত।
