কুমিল্লায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালককে হত্যা করা হয়: পুলিশ সুপার
প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আনিসুজ্জামান
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২১ জুন ২০২৬ | ২০:২২ | আপডেট: ২১ জুন ২০২৬ | ২০:২৭
কুমিল্লায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে মাহবুবুল আলম ওরফে মাসুম (৩২) নামে এক চালককে হত্যা করা হয়েছে। এ ঘটনার ১২ ঘণ্টার মধ্যে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। দ্রুত অভিযান চালিয়ে ছিনতাই হওয়া অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে। রোববার বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, জেলার মুরাদনগর উপজেলার নবীপুর ইউনিয়নের গোকুলনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে অটোরিকশা চালক মাহবুবুল আলম মাসুম (৩২) গত ১৯ জুন অটোরিকশাটি নিয়ে বাড়ি থেকে বের হন। সর্বশেষ ওই দিন রাত ১০টায় তার স্ত্রীর সঙ্গে ফোনে উপজেলার কোম্পানীগঞ্জ যাওয়ার কথা জানালেও পরবর্তীতে তার আর খোঁজ মেলেনি। পরদিন ওই উপজেলার বাঙ্গরা বাজার থানার ধরেরপাড় এলাকার একটি ঝোপ থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।
পুলিশ সুপার জানান, সম্পূর্ণ ক্লু-লেস এই ঘটনায় পুলিশ দ্রুত অভিযানে মাঠে নামে। পুলিশ জানতে পারে কোম্পানীগঞ্জ এলাকায় দুই ব্যক্তি সন্দেহভাজন একটি অটোরিকশা বিক্রির চেষ্টা করছে। এ সময় বাঙ্গরা বাজার থানার ওসি শফিউল আলমের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে নাঈম ইসলাম (২৩) নামে একজনকে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদে সে অটোচালক মাসুমকে হত্যার কথা প্রাথমিকভাবে স্বীকার করে এবং তার সঙ্গে বাঙ্গরা বাজার থানার বাসিন্দা আরমান সরকার (২০) জড়িত আছে বলে পুলিশকে জানায়।
পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে আরমানকেও গ্রেপ্তার করে এবং ছিনতাই হওয়া অটোরিকশাটিও উদ্ধার করে। রোববার বিকেলে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া, জেলা ডিবি ওসি শামসুল আলম শাহ এবং বাঙ্গরা বাজার থানার ওসি শফিউল আলম প্রমুখ।
- বিষয় :
- কুমিল্লা
- অটোরিকশা চালক নিহত
