ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে বরণ খুদে শিক্ষার্থীদের

বর্ণাঢ্য আয়োজনে বরণ খুদে শিক্ষার্থীদের
×

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের রানার্সআপ দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবর্ধনা দেয় উপজেলা প্রশাসন। ছবি: সমকাল

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২৬ | ১০:৩৯ | আপডেট: ২২ জুন ২০২৬ | ১০:৪৫

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের রানার্সআপ দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে খেলোয়াড়দের উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নিল ত্রিশাল। চ্যাম্পিয়ন হতে না পারলেও তাদের প্রতি ভালোবাসা ও উচ্ছ্বাসের কোনো কমতি ছিল না। গণসংবর্ধনা ও বর্ণাঢ্য শোভাযাত্রায় তাদের বরণের আয়োজন করে উপজেলা প্রশাসন।

গত শনিবার বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা। এতে প্রতিদ্বন্দ্বিতা করে ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বরিশালের বাকেরগঞ্জ দড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এতে দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে হেরে রানার্সআপ হয়। বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এত বিশাল পরিসর আর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান, খুদে শিক্ষার্থীদের কাছে ছিল স্বপ্নের মতো। আগামী বছর চ্যাম্পিয়ন হওয়া প্রত্যাশায় নিয়মিত অনুশীলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে তারা।
গতকাল রোববার বেলা সোয়া ৩টার দিকে ঢাকা থেকে নিজ বিদ্যালয়ে ফেরে রানার্সআপ দলের খুদে শিক্ষার্থীরা। এর পরপরই উপজেলা প্রশাসন আয়োজিত একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ত্রিশাল পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এরপর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্বরে খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টকে গণসংবর্ধনা দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ, বিদ্যালয়ের শিক্ষক অভিভাবকসহ গণ্যমান্য ব্যক্তিরা। সংবর্ধনা শেষে খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের সবাইকে উপহার সামগ্রী দেয় উপজেলা প্রশাসন। তাদের মুখে তুলে দেওয়া হয় মিষ্টি। এ সময় শিক্ষার্থীদের উল্লাস আর আতশবাজির শব্দে মুখরিত হয় উপজেলা পরিষদ প্রাঙ্গণ।

দলের অধিনায়ক সোয়াইব হোসেন অনিক বলে, এবার প্রত্যাশা অনুযায়ী ভালো করতে পারিনি, তবে আগামী বছর চ্যাম্পিয়ন হওয়ার জন্য নিয়মিত অনুশীলন করে যাব।

ফাইনালের আগে দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পাঁচটি বিদ্যালয়কে পরাজিত করে ত্রিশাল উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে। এরপর জেলার চারটি ও বিভাগীয় পর্যায়ের দুটি খেলা শেষে জাতীয় পর্যায়ে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল পেরিয়ে ফাইনালে ওঠে তারা। টিম ম্যানেজারের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়াদুল হাসান। রুকুনুজ্জামান লিটন কোচ ও সহকারী কোচের দায়িত্ব পালন করেন তারিকুল ইসলাম।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম জানান, তিন মাস কঠোর অনুশীলন করেছে শিক্ষার্থীরা। এখন আগামী বছরের জন্য প্রচেষ্টা চালিয়ে যাব। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী বলেন, উপজেলার জন্য সম্মান বয়ে এনেছে দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

আরও পড়ুন

×