ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

জব্দ পণ্য পাচারের অভিযোগে রাজস্ব কর্মকর্তাসহ আটক ৩, বহিষ্কার ৫

জব্দ পণ্য পাচারের অভিযোগে রাজস্ব কর্মকর্তাসহ আটক ৩, বহিষ্কার ৫
×

পণ্যসহ আটক তিনজন

যশোর অফিস

প্রকাশ: ২২ জুন ২০২৬ | ২১:৩১

বেনাপোল বন্দরের ওয়্যারহাউজ থেকে জব্দকৃত ভারতীয় পণ্য পাচারের ঘটনায় বেনাপোল কাস্টমস হাউজের এক সহকারী রাজস্ব কর্মকর্তাসহ তিনজনকে আটক করেছে বিজিবি। এ সময় দেড় কোটি টাকার পণ্য উদ্ধার ও পাচারের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। রোববার দিবাগত রাত ৩টার দিকে বেনাপোল বাজারে পণ্য উদ্ধার ও আটকের ঘটনা ঘটলেও তাদেরকে আজ সোমবার বিকেলে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের পর বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় ৫ জনকে বহিষ্কার করা হয়েছে।

আটককৃতরা হলেন- কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) ইন্দ্রজিৎ মূখার্জী, ট্রাকচালক মহসিন আলী ও হেলপার জাহিদ হাসান।

আটক পণ্যচালানটিতে ভারতীয় শাড়ি, থ্রিপিস, বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিকস এবং আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ পাওয়া গেছে।

বিজিবির যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি কাভার্ড ভ্যানসহ কয়েকজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের হিসাব ও সিজারমূল্য নির্ধারণের কাজ চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এ দিকে ঘটনার পর বেনাপোল কাস্টমস হাউস দুজন সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) ও তিনজন সিপাহীকে সাময়িক বরখাস্ত করেছে।

কাস্টমস সূত্র জানায়, বেনাপোলে জব্দকৃত কিছু মালামাল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দিতে কাভার্ড ভ্যানে নিয়ে যাচ্ছিল। কিন্তু সেইসঙ্গে বন্দর ওয়্যারহাউজ থেকে অতিরিক্ত পণ্য পাচারের চেষ্টা করা হচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিজিবি সেটা আটকে দেয়।

বেনাপোল কাস্টমস সহকারী কমিশনার রাহাত হেসেন বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে দুজন এআরও ও তিনজন সিপাহীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

আরও পড়ুন

×