ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সিইউএফএলে সার্বক্ষণিক গ্যাস সরবরাহ করা হবে: শিল্পমন্ত্রী

সিইউএফএলে সার্বক্ষণিক গ্যাস সরবরাহ করা হবে: শিল্পমন্ত্রী
×

ছবি : সংগৃহীত

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা

প্রকাশ: ২৩ জুন ২০২৬ | ০৩:০৬

দেশের অন্যতম রাষ্ট্রায়ত্ত সার কারখানা চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল) সার্বক্ষণিক গ্যাস সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে সরকার। কারখানাটির উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নের প্রয়োজনীয়তা নিরূপণে বিশেষজ্ঞ দল কাজ করবে বলেও জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সোমবার চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) এবং ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, দেশে বিদ্যমান সার কারখানাগুলোর মধ্যে কাফকো ছাড়া অন্য কোনো কারখানা সারা বছর পূর্ণ সক্ষমতায় পরিচালনা করা সম্ভব হয় না। গ্যাস সংকটের কারণে প্রায়ই উৎপাদন ব্যাহত হয়। গ্যাস সরবরাহের ক্ষেত্রে সরকারের অগ্রাধিকার তালিকায় প্রথমে বিদ্যুৎ উৎপাদন, দ্বিতীয়তে শিল্প-কারখানা এবং তৃতীয়তে সার কারখানা রয়েছে।

সিইউএফএল সম্পর্কে তিনি বলেন, প্রায় ৪০ বছর পুরোনো এই কারখানাটির বর্তমান উৎপাদন স্থাপিত সক্ষমতার তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। একই সঙ্গে তুলনামূলক বেশি গ্যাস ব্যবহার করেও প্রত্যাশিত উৎপাদন পাওয়া যাচ্ছে না। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে কারখানাটিতে সার্বক্ষণিক গ্যাস সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, সিইউএফএলকে পূর্ণ সক্ষমতায় পরিচালনার জন্য কী ধরনের প্রযুক্তিগত ও অবকাঠামোগত পরিবর্তন প্রয়োজন, তা নির্ধারণে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি দল প্রাথমিক পরিদর্শন করছে। তাদের সুপারিশের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

পরিদর্শনকালে শিল্পমন্ত্রী কাফকো, সিইউএফএল ও ডিএপি সার কারখানার বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, কাফকোর চিফ কর্পোরেট অফিসার খাজা সাইদুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ ফারুক, সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান, ডিএপি সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক, পরিচালন ব্যবস্থাপক আলমগীর জলিলসহ বিসিআইসি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে দুপুর ১টার দিকে শিল্পমন্ত্রী চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে তিনি আনোয়ারায় গিয়ে সার কারখানাগুলো পরিদর্শন করেন।

আরও পড়ুন

×