ডিসির প্রত্যাহার ইস্যুতে বিক্ষোভ
৪ দিনে শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা
সিলেট ব্যুরো
প্রকাশ: ২৩ জুন ২০২৬ | ০৮:২২
| প্রিন্ট সংস্করণ
প্রথমবারের মতো সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানের ঐতিহাসিক ডেগ ও দানবাক্স খোলা হয়েছে। জেলা প্রশাসনের আওতাধীন নিয়ে সিলগালা করার চার দিনের মাথায় গতকাল সোমবার এটি খোলা হয়। প্রত্যাহার হওয়া জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের নির্দেশনায় বাদ জোহর থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত গণনা শেষে তিনটি দানবাক্সে ও একটি ডেগচিতে পাওয়া গেছে ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা। এ ছাড়া রয়েছে সাত আনা সোনাসহ কিছু বিদেশি টাকা।
গণনার আগে প্রত্যাহার হওয়া জেলা প্রশাসক সারওয়ার আলম মাজার পরিদর্শন ও মসজিদে নামাজও আদায় করেন। গণনাকালে একাধিক ম্যাজিস্ট্রেট, বিপুল সংখ্যক পুলিশ ছাড়াও ভক্ত-অনুরাগীর ভিড় ছিল। দানের টাকার হিসাব শেষে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল বাছিত মোল্লা জানিয়েছেন, এ অর্থ সোনালী ব্যাংকে দরগাহর নামে হিসাব খুলে জমা রাখা হবে।
জেলা প্রশাসকের প্রত্যাহার নিয়ে গত দুদিন সিলেটে পক্ষে-বিপক্ষে অবস্থান নিতে দেখা গেছে, সারওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিল করে তাঁকে স্বপদে রাখার দাবিতে গত রোববার রাতে ও সোমবার দুপুরে নগরীতে বিক্ষোভ করা হয়।
- বিষয় :
- শাহজালালের মাজার
