সিলেট ছাড়লেন সারওয়ার আলম, সামাজিক মাধ্যমে দিলেন পোস্ট
সারওয়ার আলম
সিলেট ব্যুরো
প্রকাশ: ২৩ জুন ২০২৬ | ১৮:২৩
প্রত্যাহার আদেশের দুই দিনের মাথায় সিলেট ছেড়েছেন আলোচিত জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে তিনি ওসমানী বিমানবন্দর দিয়ে সিলেট ছাড়েন।
এর আগে দুপুরে তার ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন। তাতে তিনি উল্লেখ করেন, ‘বিদায় সিলেট। ভালো থাকুন সিলেটবাসী। আপনাদের ভালোবাসায় আমি ধন্য।’
গত রোববার প্রত্যাহার আদেশের পর দিন সোমবার বিকেল ৫টার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি দাসের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন তিনি। পিংকি দাস বর্তমানে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সম্প্রতি সিলেটের শাহজালাল (রহ.) এর মাজারের আয়-ব্যয়ের স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ ও সেখানকার দানবাক্সে সিলগালা করা নিয়ে নতুন করে আলোচনায় আসেন সারওয়ার আলম। এ নিয়ে পক্ষে-বিপক্ষে অবস্থান নেন সিলেটের লোকজন। কেউ মাজারের দানবাক্সে সিলগালাকে নেতিবাচক দেখলেও অধিকাংশ মানুষ ইতিবাচক হিসেবে দেখছেন। এ অবস্থায় তাকে সিলেট থেকে প্রত্যাহার করে সরকার।
শতশত বছর ধরে মাজারে দানের প্রতিদিনের লাখ লাখ টাকার হিসেব এতদিন মাজার কর্তৃপক্ষ ছাড়া কেউ জানত না। জেলা প্রশাসনের অধীনে নিয়ে সিলগালার পর প্রথমবার সোমবার বাক্স খোলা হয়। হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানের ঐতিহাসিক ডেগ ও দানবাক্স থেকে ওইদিন পাওয়া যায় ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা। মঙ্গলবার সিলেট ছাড়ার আগে মাজারের দানখাতে জেলা প্রশাসন থেকে ৫ লাখ টাকা প্রদান করে যান। বর্তমানে সাড়ে ২২ লাখ টাকা রয়েছে মাজারের দানের হিসেবে।
- বিষয় :
- সিলেট
- সারওয়ার আলম
