উদ্ধারের পর বনে ছাড়া হলো মেছো বিড়ালের দুটি ছানা
উদ্ধার হওয়া মেছো বিড়ালের দুটি ছানা
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুন ২০২৬ | ২২:২৯
মাগুরায় মেছো বিড়ালের দুটি ছানা উদ্ধারের পর বনে অবমুক্ত করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে সদর উপজেলার জগদল ইউনিয়নের মাঝিপাড়া এলাকা থেকে ছানা দুটো উদ্ধার করা হয়। স্থানীয় একটি পাটক্ষেতে এদের দেখতে পান এলাকার লোকজন।
মাঝিপাড়ার তরুণ ইসরাফিল হোসেনের ভাষ্য, গত শনিবার রাত ১১টার দিকে একটি মেছো বাঘ জগদল মাঝিপাড়া গ্রামের পাশে পাকা রাস্তা পার হচ্ছিল। এ সময় তিনি সেই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করেন। পরে দেখা যায়, মেছো বাঘটি দুইটি ছানা প্রসব করেছে। তবে তাঁর মোবাইল ফোনের ভিডিও দেখে বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, প্রাণীটি মেছো বিড়াল। পরে ছানা দুটি দেখে তিনি মেছো বাঘ হিসেবেই শনাক্ত করেন বলে জানান ইসরাফিল।
জেলা বন বিভাগের কর্মীরা গতকাল বিকেলে এলাকাবাসীর সহায়তায় ছানা দুটিকে উদ্ধার করেন। পরে মায়ের কাছে যাওয়ার জন্য তাদের ছেড়ে দেওয়া হয়।
এ তথ্য নিশ্চিত করে মাগুরা জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা তপনেন্দ্র নাথ সরকার বলেন, কয়েক দিন ধরে জগদল এলাকায় মেছো বিড়াল দেখা যাচ্ছিল। পরে গতকাল মঙ্গলবার দুইটি বাচ্চা উদ্ধার হয়। বাচ্চা দুইটিকে বিকেলেই বনে ছেড়ে দেওয়া হয়েছে। প্রাণীটি মানুষের কোনো ক্ষতি করে না জানিয়ে তিনি বলেন, এটি বরং পরিবেশের ভারসাম্য রক্ষা করে।
