ঢাকা বুধবার, ২৪ জুন ২০২৬

অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে হকারদের হামলা

অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে হকারদের হামলা
×

ধামরাইয়ের ঢুলিভিটায় গতকাল মঙ্গলবার সওজের উচ্ছেদ অভিযানে হামলা চালান হকাররা সমকাল

 ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুন ২০২৬ | ০৮:০৮

| প্রিন্ট সংস্করণ

ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে ঢুলিভিটা এলাকায় সড়ক ও জনপথ বিভাগের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকালে হামলার ঘটনা ঘটেছে। এ সময় হকারদের হামলা ও ইটপাটকেল নিক্ষেপে সড়ক ও জনপথ বিভাগের গাড়িচালকসহ তিনজন আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় অভিযানের নেতৃত্ব দেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহমেদ রাফি।
সড়ক ও জনপথ বিভাগ থেকে জানা গেছে, ঢুলিভিটায় স্নোটেক্স নামক পোশাক কারখানার পাশে সড়ক ও জনপথ বিভাগের জমি দখল করে দেড় শতাধিক অবৈধ দোকানপাট গড়ে উঠেছে। প্রতিদিন সেখানে দীর্ঘ যানজট লেগে থাকে। গতকাল দুপুরে সেখানে সড়ক ও জনপথ বিভাগ এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে অবৈধ দখলে থাকা হকাররা অতর্কিতভাবে লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। ইটপাটকেলের আঘাতে চালক মনির হোসেন, কার্যসহকারী আব্বাস উদ্দিন ও সওজের শ্রমিক মো. সোহাগ আহত হন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি বলেন, হামলার ফলে আপাতত উচ্ছেদ অভিযান স্থগিত করা হয়েছে। 
এদিকে আজ বুধবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু স্নোটেক্স পোশাক কারখানা পরিদর্শন করবেন বলে সরকারি একটি সিডিউলে জানা গেছে। মন্ত্রীর আগমন উপলক্ষে কারখানার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছেন কিনা জানতে চাইলে মানিকগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার আলম তা অস্বীকার করে বলেন, নিয়মিত উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার এ অভিযান চালানো হয়।
ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান বলেন, উচ্ছেদ অভিযানে হামলার পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×