মাইক্রোবাস থেকে ফেলে দেওয়া অসুস্থ বৃদ্ধের হাসপাতালে মৃত্যু, চালক আটক
ছবি: সংগৃহীত
পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুন ২০২৬ | ১৬:৩৬ | আপডেট: ২৪ জুন ২০২৬ | ১৬:৪৯
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে মুমূর্ষু অবস্থায় বৃদ্ধকে মাইক্রোবাস থেকে ফেলে দেওয়ার সময় চালককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। পরে ওই বৃদ্ধকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বুধবার সকাল ৬টার দিকে উপজেলার ঘোড়াশালের বাগদি এলাকার পাঁচদোনা-ঘোড়াশাল সড়কের পাশে এ ঘটনা ঘটে। পরে উত্তেজিত জনতা চালককে মারধর করে পুলিশে দেয়।
আটক মাইক্রোবাসচালক মনির হোসেন (৪০) বরিশালের বানারীপাড়া উপজেলার চিরাপাড়া গ্রামের মৃত জলিল হাওলাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সড়কের পাশে থামিয়ে মাইক্রোবাস থেকে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় এক বৃদ্ধকে ফেলে দেওয়ার চেষ্টা করছিলেন চালক। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা তাকে আটক করেন। এ সময় বিক্ষুব্ধ জনতা চালককে মারধর করে এবং পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালককে হেফাজতে নেয়। মুমূর্ষু অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির হোসেন পুলিশকে জানান, ঢাকার গাবতলী এলাকায় একটি পাম্পের সামনে চার থেকে পাঁচজন ব্যক্তি গুরুতর আহত ওই বৃদ্ধকে তার গাড়িতে তুলে দেন। তাদের অনুরোধে তিনি বৃদ্ধকে হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে রওনা হন। তবে পথে পুলিশি ঝামেলায় ভীত হয়ে নরসিংদীর ওই নির্জন স্থানে তাকে ফেলে রেখে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মাইক্রোবাসের চালককে আটক করা হয়েছে। নিহত বৃদ্ধের পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
নরসিংদী পিবিআইয়ের পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছি। নিহত বৃদ্ধের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
- বিষয় :
- নরসিংদী
- পলাশ
- আটক
- হাসপাতালে মৃত্যু
