ঢাকা বুধবার, ২৪ জুন ২০২৬

চাঁদপুরে লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধরের অভিযোগ, মামলা

চাঁদপুরে লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধরের অভিযোগ, মামলা
×

ছবি- সংগৃহীত

চাঁদপুর প্রতিনিধি 

প্রকাশ: ২৪ জুন ২০২৬ | ২১:৫৪

চাঁদপুরের ফরিদগঞ্জে দীর্ঘদিনের লোডশেডিং, অতিরিক্ত বিদ্যুৎ বিল এবং বিশ্বকাপ ফুটবল ম্যাচ চলাকালে বিদ্যুৎ বিভ্রাটের ক্ষোভে পল্লী বিদ্যুতের এক লাইনম্যানকে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এ সময় তার কাছ থেকে ২৩ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়া এবং মোবাইল ফোন ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় মামলা করেছে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২। মামলার বাদী হয়েছেন লাইনম্যান মো. আব্দুল কাদের। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে ফরিদগঞ্জ উপকেন্দ্র-১-এর আওতাধীন উত্তর ধানুয়া এলাকায় বিদ্যুৎ লাইন মেরামতের কাজে যান লাইনম্যান মো. ইব্রাহীম ও মো. আব্দুল কাদের। এ সময় ১০ থেকে ১২ জন ব্যক্তি সাব-স্টেশনে প্রবেশ করে তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। 

অভিযোগে বলা হয়, একপর্যায়ে আব্দুল কাদেরকে জোরপূর্বক উত্তর ধানুয়া গ্রামে নিয়ে গিয়ে মারধর করা হয়। তার কাছে থাকা ২৩ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং ব্যবহৃত মোবাইল ফোন ভেঙে ফেলা হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মামলায় উত্তর ধানুয়া গ্রামের জাফর মিজি, ফারুক পাটোয়ারী ও জসিমসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

স্থানীয়দের দাবি, কয়েক দিন ধরে এলাকায় তীব্র লোডশেডিং চলছিল। একই সঙ্গে বিদ্যুৎ বিলও অস্বাভাবিকভাবে বেশি আসছিল। এসব বিষয়ে বারবার অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার না পাওয়ায় জনমনে ক্ষোভ তৈরি হয়। এছাড়া সোমবার রাতে বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনার ম্যাচ চলাকালে কয়েকটি এলাকায় বিদ্যুৎ চলে যাওয়ায় সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

ফরিদগঞ্জ জোনাল পল্লী বিদ্যুৎ কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সাইফুল আলম বলেন, বিদ্যুৎ উপকেন্দ্রের যন্ত্রপাতি অত্যন্ত স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ। সেখানে অননুমোদিতভাবে প্রবেশ করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। দায়িত্ব পালনরত কর্মীদের ওপর হামলা ও মারধর গুরুতর অপরাধ।

তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের বিরুদ্ধে বিদ্যুৎ আইন ও প্রচলিত আইনে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করা হয়েছে।

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার আতিকুল হক চৌধুরী বলেন, সোমবার রাতে এবং দিনের কিছু সময় ফরিদগঞ্জসহ কয়েকটি এলাকায় লোডশেডিং ছিল। বিদ্যুতের সরবরাহ পরিস্থিতির ওপর নির্ভর করেই লোডশেডিং করতে হয়। তবে এর কারণে উপকেন্দ্রে হামলা, কর্মীকে তুলে নিয়ে মারধর, মোবাইল ভাঙচুর কিংবা টাকা ছিনতাই কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, চলমান গরমের কারণে বিদ্যুতের চাহিদা বেড়েছে। তারপরও বিশ্বকাপ চলাকালে এবং সাধারণ গ্রাহকদের দুর্ভোগ কমাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার চেষ্টা অব্যাহত রয়েছে।

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ এরশাদ উল্লাহ বলেন, ঘটনার পর মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

আরও পড়ুন

×